টানা তিন দফায় যত কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তিন দফায় স্বর্ণের দাম ৮ হাজার ১৬৫ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর মধ্যে সবশেষ শনিবার সকালে ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমায় সংগঠনটি। এ ছাড়া শুক্রবার ২ হাজার ১৫৮ টাকা এবং বৃহস্পতিবার ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয় স্বর্ণের দাম।
শনিবারের (১৪ মার্চ) বিজ্ঞপ্তিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা নির্ধারণ করে সংগঠনটি।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমার পাশাপাশি সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। আজ সকাল ১০টা থেকেই এটি কার্যকর হবে।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪৩ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ২৬ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ১৭ দফা।