logo

দেশের বৃহত্তম তেলবাহী জাহাজ প্রথম সমুদ্রযাত্রা করবে মঙ্গলবার

দেশের বৃহত্তম তেলবাহী জাহাজ প্রথম সমুদ্রযাত্রা করবে মঙ্গলবার

বাংলাদেশের পতাকাবাহী সর্ববৃহৎ তেলবাহী জাহাজ প্রথম সমুদ্রযাত্রায় যাচ্ছে। ব্র্যাক ব্যাংকের অর্থায়নে নির্মিত বাংলাদেশের পতাকাবাহী এই ট্যাংকারটি মঙ্গলবার (৩১ মার্চ) সমুদ্রযাত্রা করবে।

‘এমটি ওমেরা লিবার্টি’ নামের জাহাজটির মালিক ইস্ট কোস্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এমজেএল বাংলাদেশ। জাহাজটির দৈর্ঘ্য ২৫০ মিটার, এটি সর্বোচ্চ ১ লাখ ১৫ হাজার টন জ্বালানি তেল বহনে সক্ষম। 

গত ২৫ মার্চ দক্ষিণ কোরিয়ার দেহান শিপবিল্ডিংয়ে জাহাজটির কমিশনিং অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী, দেহান শিপবিল্ডিংয়ের চেয়ারম্যান ডেভিড কিম, দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিকুল ইসলাম এবং এমজেএল শিপিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন মিনহাজুর রেজা চৌধুরী। ব্র্যাক ব্যাংকের পক্ষে ছিলেন ব্যাংকটির কর্পোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের এরিয়া হেড-১ আবু সাদাত চৌধুরী।

এর আগে এমজেএল বাংলাদেশ পিএলসিকে দুটি সমুদ্রগামী আফ্রাম্যাক্স তেলবাহী জাহাজ— ‘এমটি ওমেরা লিবার্টি’ এবং ‘এমটি ওমেরা গ্যালাক্সি’ অধিগ্রহণের জন্য অর্থায়ন সুবিধা দেয় ব্র্যাক ব্যাংক। ৯৫ দশমিক ৭৭ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের এই অর্থায়ন সুবিধা এখন পর্যন্ত এই খাতে দেশের কোনো স্থানীয় বেসরকারি ব্যাংকের দেওয়া সর্ববৃহৎ একক বৈদেশিক মুদ্রার (এফসিওয়াই) অফশোর ব্যাংকিং টার্ম লোন।

‘এমটি ওমেরা লিবার্টি’ চালুর ফলে এমজেএল বাংলাদেশের নৌবহর উন্নত হওয়ার পাশাপাশি দেশের সামুদ্রিক লজিস্টিক সক্ষমতাও আরও বৃদ্ধি পাবে, যা জ্বালানির ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করতে ভূমিকা রাখবে।

জাহাজটির প্রথম সমুদ্রযাত্রার বিষয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, বাংলাদেশের পতাকাবাহী সর্ববৃহৎ তেলবাহী জাহাজের অর্থায়নে এমজেএল বাংলাদেশের অংশীদার হতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। এটি আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যৌথভাবে বৃহৎ পরিসরের বৈদেশিক মুদ্রায় অর্থায়নের ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের সক্ষমতার প্রতিফলন। এই অর্থায়ন সুবিধা সামুদ্রিক লজিস্টিক সক্ষমতা শক্তিশালী করার পাশাপাশি দেশের ব্যবসা-বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়নে সরাসরি অবদান রাখবে।