এলপি গ্যাসের দাম বাড়বে কি না, জানা যাবে বিকেলে

চলতি মাসে (এপ্রিল) তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে নাকি কমবে, তা আজ (বৃহস্পতিবার) জানা যাবে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে জানায়, সৌদি আরামকো ঘোষিত এপ্রিল (২০২৬) মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা বৃহস্পতিবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।
এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও আজ ঘোষণা করা হবে।
এর আগে, গত ২ মার্চ সবশেষ এলপি গ্যাসের দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল।
এ ছাড়া ভোক্তা পর্যায়ে ৩ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।