নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত দিলেন গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, ‘আমরা অর্থায়নের খরচ কমানোর চেষ্টা করছি। ইতিমধ্যে নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট (শূন্য দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট) কমানো হয়েছে। মূল্যস্ফীতি যেহেতু কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, ভবিষ্যতে এটি আরও কমানোর চিন্তা আমরা করতেই পারি।’
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীল মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর মোস্তাকুর রহমান। দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে স্থানীয় ঋণপত্রের (লোকাল এলসি) তথ্য আদান–প্রদান আরও দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করার প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট-বার্তা’ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি অতিথি ছিলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
গভর্নর বলেন, চার বছরের বেশি সময় মূল্যস্ফীতি ৯ শতাংশের আশপাশে থাকার পর গত কয়েক মাস ধরে তা ৮ শতাংশের ঘরে আছে। ঋণের ব্যয় কমানোর চেষ্টা চলছে এবং নীতি সুদহার ইতোমধ্যে ৫০ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে থাকায় ভবিষ্যতে নীতি সুদহার আরও কমানো যেতে পারে।
তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর ব্যবসা পরিচালনার ব্যয় কমানো আমার অগ্রাধিকারগুলোর একটি, অর্থমন্ত্রীও বিষয়টিতে গুরুত্ব দিচ্ছেন। ঋণের সুদ বাড়লে ব্যবসায়ীরা বাড়তি খরচ পণ্যের দামে যুক্ত করেন, ফলে চাপ পড়ে ভোক্তার ওপর। তাই ব্যয় কমলে শেষ পর্যন্ত সাধারণ মানুষই কম দামে পণ্য ও সেবা পাবেন।
বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ব্যাংকঋণের সুদের হার কমানোর উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক। একে নীতি সুদহার বা রেপো রেট বলে। গত ৩১ জুলাই এই নীতি সুদহার ১০ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে নীতি সুদহার নির্ধারণ করা হয় ৯ দশমিক ৫০ শতাংশে। নীতি সুদহার কমালে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো আগের তুলনায় কম সুদে অর্থ ধার নিতে পারবে। এতে গ্রাহক পর্যায়েও ঋণের সুদহার কমবে বলে আশা করা হয়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের ৮ দশমিক ৩৪ শতাংশ থেকে অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে। যদিও জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছিল। ২০২৬-২৭ অর্থবছরের জুলাইয়ে এটি ছিল ৮ দশমিক ৩২ শতাংশ, আগস্টে ৮ দশমিক ২৬ শতাংশ। ২০২৫-২৬ অর্থবছরের শেষ মাস জুনে ছিল ৯ দশমিক ১৬ শতাংশ।
গভর্নর জানান, বিদেশি মুদ্রার বিনিময় হার নির্ধারণে বাজারভিত্তিক ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। গত ১০ বছরে প্রতিবেশী ও সমপর্যায়ের দেশগুলোতে গড়ে ৪০ শতাংশ অবমূল্যায়নের বিপরীতে বাংলাদেশের মুদ্রার অবমূল্যায়ন হয়েছে ৬০ শতাংশ।
তিনি বলেছেন, আমরা মুক্তবাজার ব্যবস্থায় বিশ্বাস করি। এ জন্য এমন একটি সফটওয়্যার তৈরি করছি, যাতে পুরো লেনদেনপ্রক্রিয়া স্বয়ংক্রিয় হয়। এখানে কেউ দেখতে পাবেন না বিক্রেতা কে, ক্রেতা কে। ফলে কারসাজির সুযোগ থাকবে না। আশা করছি, এক মাসের মধ্যে এই নিলামপ্রক্রিয়া চালু করতে পারব। এতে বৈদেশিক মুদ্রার প্রকৃত বাজারদর পাওয়া যাবে বলে আমরা আশা করি।

