মুরগিতে কমলেও বেড়েছে সবজির দাম

সপ্তাহের ব্যবধানে বাজারে আলু, লাউ, ফুলকপি, গাজরসহ বেশকিছু সবজির দাম বেড়েছে। সে তুলনায় কমেছে হাতেগোনা। তবে মুরগির বাজারে কিছুটা স্বস্তির খবর মিলেছে। একই সময়ে ব্রয়লার ও সোনালী মুরগির দাম ১০-৩০ টাকা পর্যন্ত কমেছে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে রাজধানীর রামপুরা, মেরাদিয়া ও বনশ্রীর একাধিক বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
বাজারঘুরে দেখা যায়, সপ্তাহের শুরুতে যে টমেটো ৮০ টাকা কেজিতে মিলত, তা এখন ২০ টাকা বেড়ে ১০০ টাকা হয়েছে। ১০০ টাকার গাজর এখন ১২০ টাকা, ৮০-৯০ টাকার ফুলকপি ১০০ টাকার নিচে পাওয়া যাচ্ছেনা।
গত শুক্রবারও প্রতি পিস লাউ ৭০-৮০ টাকায় পাওয়া যেত, আজ যা কিনতে গুনতে হচ্ছে ১০০ টাকা। এমনকি নিম্ন আয়ের মানুষের সবচেয়ে সহজ সবজি আলুর দামও বেড়েছে কেজিতে ৫ টাকা। ফলে ২৫ টাকার আলু এখন ৩০ টাকা।
তবে কমেছে হাতেগোনা কিছু সবজির দাম। লম্বা বেগুন আগে ১২০ টাকা নিলেও এখন ১০০ টাকা। ৮০ টাকার মুলা এখন ৬০ টাকায় পাওয়া যাচ্ছে।
আর আগের মতই ঢেড়সের কেজি ৬০ টাকা, করলা ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, পটল ৮০ টাকা ও পেপে বিক্রি হচ্ছে ১০০ টাকায়।
অন্যদিকে এক সপ্তাহ আগে ব্রয়লার মুরগি কেজিতে ১৯০ টাকা নেওয়া হলেও এখন কমে ১৮০ টাকা হয়েছে। কোথাও কোথাও ১৭৫ টাকায়ও মিলছে। ৩৭০ টাকার সোনালী মুরগির এখন মিলছে ৩৫০ টাকায়। তবে পাকিস্তানি লেয়ারের দাম বেড়েছে কেজিতে ৫০-৭০ টাকা পর্যন্ত। সপ্তাহ খানেক আগে ৩২০-৩৩০ টাকায় পাওয়া গেলেও এখন গুনতে হচ্ছে ৪০০ টাকা।
রামপুরা কাঁচাবাজারে সবজি কিনতে এসেছে স্কুল শিক্ষক দিদার হোসেন। এশিয়া পোস্টকে তিনি বলেন, ‘আমাদের কথা কেউ ভাবেনা, কিছু বলেও লাভ নাই। একসময় একসঙ্গে অনেক সবজি খাওয়া হতো, এখন টাকায় কুলায় না। তাই, দু-একটা কিনি।’
এ বাজারের সবজি বিক্রেতা জুবায়ের বলেন, ‘অনেক সবজিরই এখন সিজন শেষ। ফলে দাম কিছুটা বাড়তি। আমরা বেশি দামে কিনলে কম দামে কিভাবে বিক্রি করব?’
মেরাদিয়া কাঁচাবাজারের সবজি বিক্রেতা রিয়াদ হোসেন বলেন, ‘দু-একটা কমলেও প্রায় সবজিরই দাম বাড়তি। তবে কয়েকটা কমেছে। এভাবেই চলে।’


