Advertisement

বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রিহ্যাবের দোয়া এবং আলোচনা সভা

এশিয়া পোস্ট নিউজ
বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রিহ্যাবের দোয়া এবং আলোচনা সভা
বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রিহ্যাবের দোয়া এবং আলোচনা সভার আয়োজন করে। ছবি: সংগৃহিত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) উদ্যোগে দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা এবং বাংলাদেশের রাজনীতিতে তার অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

Advertisement

রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল অনুষ্ঠানে গভীর শ্রদ্ধার সঙ্গে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকা এবং মানুষের প্রতি তার দায়বদ্ধতার কথা স্মরণ করেন।

তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার অবদান ও তার দীর্ঘদিনের নেতৃত্ব দেশের মানুষ মনে রাখবে। নানা প্রতিকূলতা ও রাজনৈতিক সংকটের মধ্যেও তিনি যে দৃঢ়তার সঙ্গে রাজনীতি করেছেন, তা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।

রিহ্যাব প্রেসিডেন্ট আরও বলেন, বেগম খালেদা জিয়ার প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া গেছে তার শেষ বিদায়ের সময়। তার জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, সাধারণ মানুষের হৃদয়ে তার প্রতি কতটা গভীর ভালোবাসা ও আবেগ ছিল। এত বিপুল মানুষের উপস্থিতি শুধু একটি রাজনৈতিক নেত্রীর প্রতি শ্রদ্ধা নয়, বরং তার দীর্ঘ রাজনৈতিক জীবন ও মানুষের সঙ্গে তার সম্পর্কেরও একটি বড় প্রতিফলন।

অনুষ্ঠানে রিহ্যাব পরিচালক মোঃ মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বাঁক ও সংকটের সঙ্গে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা গভীরভাবে জড়িয়ে রয়েছে। বিশেষ করে স্বৈরাচারবিরোধী আন্দোলন, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং পরবর্তী সময়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে।

মো. মাহবুবুর রহমান বিশেষভাবে ওয়ান-ইলেভেনের রাজনৈতিক সংকটের সময় বেগম খালেদা জিয়ার অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, সে সময় নানা চাপ ও প্রতিকূলতার মধ্যেও দেশ ছেড়ে বিদেশে চলে না গিয়ে বাংলাদেশেই থাকার বিষয়ে বেগম খালেদা জিয়ার অনড় অবস্থান তার রাজনৈতিক দৃঢ়তা ও দেশের প্রতি দায়িত্ববোধের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া প্রতিটি ক্ষেত্রেই দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছেন। তার নেতৃত্বে বিভিন্ন সময়ে নেওয়া অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ, শিক্ষা, অবকাঠামো এবং নারীর ক্ষমতায়নের বিষয়গুলোও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আলোচনায় গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

দোয়া মাহফিলে রিহ্যাব পরিচালনা পর্ষদ (২০২৬-২০২৮)-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট-১ মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মোঃ বরকতউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ এফ এম ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ এবং ভাইস প্রেসিডেন্ট (চট্টগ্রাম রিজিয়ন) মোহাম্মদ মোরশেদুল হাসান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রিহ্যাব পরিচালক ও স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার চেয়ারম্যান মিসেস তাসনোভা মাহবুব সালাম।

এ ছাড়া রিহ্যাব পরিচালক আলহাজ মো. গোলাম কিবরিয়া মজুমদার, প্রকৌশলী মো. মঞ্জুরুল ফরহাদ ফিলিপ, প্রকৌশলী মো. মোস্তফা কামাল, এ জেড এম কামরুদ্দিন, আলহাজ প্রফেসর ফারুক আহমদ, সুরুজ সরদার, মো. জহির আহমেদ, ক্যাপ্টেন মো. শাহ আলম, মো. খাজা নজিবুল্লাহ চৌধুরী, মিসেস উম্মে জাহান আরজু, হাবিবুর রহমান হাবিব, মুহাম্মদ লাবিব বিল্লাহ্, শেখ কামাল, মোঃ ইমদাদুল হক, এম ফখরুল ইসলাম, এ এস এম আবদুল গাফফার মিয়াজী এবং মোঃ এমদাদুল হোসেন সোহেল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রিহ্যাবের নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের মানুষের জন্য তার দীর্ঘদিনের ভূমিকার কথা স্মরণ করেন। একই সঙ্গে তার আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য বিশেষ দোয়া করা হয়।

রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ দোয়া পরিচালনা করেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার পরিবার, দেশ ও জাতির শান্তি ও কল্যাণের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। সবশেষে কেক কেটে রিহ্যাব নেতৃবৃন্দ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উদ্‌যাপন করেন।