logo

যুদ্ধের প্রভাবে বাড়তে পারে মোবাইল ফোনের দাম

যুদ্ধের প্রভাবে বাড়তে পারে মোবাইল ফোনের দাম

ইরান যুদ্ধ এবং জ্বালানি তেলের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি প্রযুক্তি খাতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে এবং এ কারণে মোবাইল ফোনসহ প্রযুক্তি পণ্যের উৎপাদন খরচ বাড়তে পারে বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা।

গার্ডিয়ানের খবর জানায়, স্যামসাং ডিসপ্লের প্রেসিডেন্ট ও সিইও চং ইয়ি বলেছেন, ‘তেলের দাম দ্রুত বাড়ার কারণে প্রযুক্তি শিল্পের উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে। চিপের মূল্য এরই মধ্যে ঊর্ধ্বমুখী। ফোন, পিসি ও অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসের উৎপাদন খরচও বাড়ছে।’

তেলের দাম বাড়লে কাঁচামালের দামও বেড়ে যাবে বলে মন্তব্য করেন চং ইয়ি। তিনি বলেন, ‘অনেক কাঁচামাল, যেমন ফিল্ম তেলের উপাদান থেকে তৈরি হয়, তাই তেলের মূল্য বৃদ্ধির প্রভাব এটির উৎপাদনের ওপর পড়ে।’

চং ইয়ি বলেন, ‘যখন এই প্রভাব বাস্তবে পরিণত হবে, তখন উৎপাদন খরচের বোঝা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে, যা সরাসরি গ্রাহক পর্যায়ে মূল্য বৃদ্ধির কারণ হতে পারে।’

বিশেষজ্ঞরা মনে করছেন, ফোনের দাম শুধু নতুন মডেলের ক্ষেত্রে নয়, বিদ্যমান ডিভাইসের খরচেও প্রভাব ফেলবে। এ ছাড়া ক্রমবর্ধমান উৎপাদন খরচ প্রযুক্তি কোম্পানিগুলোর মুনাফা কমিয়ে আনতে পারে, যা ভবিষ্যতে বাজারে প্রাইস স্ট্রাকচারের পরিবর্তন ঘটাতে পারে।

এই পরিস্থিতিতে গ্রাহকদের জন্য সম্ভাব্য ক্ষতি এড়াতে কোম্পানিগুলো বিকল্প কাঁচামাল ও উৎপাদন খরচ নিয়ন্ত্রণের বিকল্প উপায় খুঁজছে। তবে যুদ্ধ ও তেলের মূল্যবৃদ্ধি অব্যাহত থাকলে অচিরেই ভোক্তা পর্যায়ে মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসের মূল্য বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।