২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে বড় লাফ

২৪ ঘণ্টার ব্যবধানে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা লাগবে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ৩৩ হাজার ৯৮০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
বাজুস আরও জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা ১৫ মিনিট থেকেই নতুন দাম কার্যকর হবে।
এর আগে, সবশেষ বুধবার (২৮ জানুয়ারি) দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেখানে ভরিতে ৭ হাজার ৩৪৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।
উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে বাড়ানো হয়েছে ১৩ বার, কমানো হয়েছে তিনবার।