সঞ্চয়পত্রে মুনাফার হার বদলাচ্ছে না, বাংলাদেশ ব্যাংকের নির্দেশ

এশিয়া পোস্ট নিউজ
সঞ্চয়পত্রে মুনাফার হার বদলাচ্ছে না, বাংলাদেশ ব্যাংকের নির্দেশ
ছবি : সংগৃহীত

জাতীয় সঞ্চয় স্কিমের বিদ্যমান মুনাফার হার আগামী জুলাই-ডিসেম্বর ২০২৬ মেয়াদেও অপরিবর্তিত থাকবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে দেশের সব তফসিলি ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সিদ্ধান্তটি ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।

সোমবার (৬ জুলাই) এ সংক্রান্ত এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানায়, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ গত ২ জুলাই জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় সঞ্চয় স্কিমগুলোর জানুয়ারি-জুন ২০২৬ মেয়াদে কার্যকর থাকা মুনাফার হার পরবর্তী জুলাই-ডিসেম্বর ২০২৬ মেয়াদেও অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, ওই প্রজ্ঞাপনের আলোকে দেশের সব তফসিলি ব্যাংককে একই মুনাফার হার ও বিদ্যমান শর্তাবলি অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সার্কুলারে আরও উল্লেখ করা হয়, জানুয়ারি-জুন ২০২৬ মেয়াদে জাতীয় সঞ্চয় স্কিমে যে মুনাফার হার কার্যকর ছিল, জুলাই-ডিসেম্বর ২০২৬ সময়েও তা বহাল থাকবে। এ সময়ে মুনাফা প্রদানের ক্ষেত্রে আগের সব শর্ত ও বিধানও অপরিবর্তিত থাকবে।