logo

রমজানে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি

রমজানে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি

পবিত্র রমজান মাস শুরু হয়ে গেছে। এই মাসে ব্যাংকের অফিস ও লেনদেনের জন্য নতুন সময়সূচিতে নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। 

গত ১০ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে নতুন সময়সূচির তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সময় অনুযায়ী, রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

এতে আরও বলা হয়, দেশের সব তফশিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে।

রমজান মাস শেষ হওয়ার পর যথারীতি ব্যাংকের দাপ্তরিক কার্যক্রম ও লেনদেনের সময়সূচি আগের অবস্থায় (রমজান–পূর্ব অবস্থায়) ফিরে যাবে। সাধারণত সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকিং লেনদেন করা যায়, ব্যাংক খোলা থাকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।