বিকাশ-নগদের পর এবার আসছে ‘প্রাইম লেনদেন’

দেশের আর্থিক খাতে ডিজিটাল লেনদেন আরও জোরদার করতে নিজস্ব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস চালু করছে প্রাইম ব্যাংক পিএলসি। বিকাশ, রকেট বা নগদের মতো এই সেবাটির নাম রাখা হয়েছে ‘প্রাইম লেনদেন’।
সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রাইম লেনদেন সেবা পরিচালনার চূড়ান্ত অনুমোদন পেয়েছে বেসরকারি এই ব্যাংক। সার্বিক পরিচালনায় থাকবে প্রাইম ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান 'প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেড'।
প্রচলিত প্রতিযোগিতার বাইরে গিয়ে একটি সহযোগিতামূলক ও অন্তর্ভুক্তিমূলক বাজার পরিবেশ তৈরি করার লক্ষ্য সামনে নিয়ে এবং গ্রাহকদের জন্য একটি নিরাপদ ‘ডিজিটাল অভিভাবক’ হিসেবে কাজ করার ভিশন নিয়ে এ উদ্যোগ চালু হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, শুধু লেনদেন নয়, বরং আর্থিক সচেতনতা ও প্রান্তিক জনগোষ্ঠীকে ক্যাশলেস অর্থনীতির আওতায় আনাই তাদের মূল উদ্দেশ্য।
ব্যাংকটি জানায়, বর্তমানে দেশে ১৩টি প্রতিষ্ঠান এই সেবা দিচ্ছে, যেখানে গত ফেব্রুয়ারিতে দৈনিক গড় লেনদেন ছিল ৫ হাজার ৮৮৩ কোটি টাকা। এই বিশাল বাজারে নতুন সম্ভাবনা নিয়ে ‘প্রাইম লেনদেন’ যুক্ত হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।