দুর্গাপূজার টানা ছুটিতে ব্যাংক কার্যক্রম খোলা থাকবে যেসব এলাকায়

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০-২২ অক্টোবর (মঙ্গল, বুধ, বৃহস্পতিবার) দেশের সব তপশিলি ব্যাংক বন্ধ থাকবে। এর পরের ২ দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ব্যাংকে ছুটি থাকবে টানা ৫ দিন। তবে, বেশকিছু এলাকায় শুক্র-শনিবারসহ পূজার টানা ছুটিতেও ব্যাংক কার্যক্রম চলমান থাকবে।
সোমবার (১২ অক্টোবর) এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়, সরকারের সিদ্ধান্তের ধারাবাহিকতায় দুর্গাপূজা উপলক্ষে ২০-২২ অক্টোবর ব্যাংক বন্ধ থাকবে। এর পরিবর্তে ১৭ অক্টোবর শনিবার সব তপশিলি ব্যাংক স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।
তবে বন্দর এলাকার ব্যাংকের বিষয়ে আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিপত্রে বলা হয়, সমুদ্র, স্থল ও বিমানবন্দর (পোর্ট ও কাস্টমস) এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলো সাধারণত সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু থাকে। এসব এলাকায় ২০-২২ অক্টোবর সরকারি ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির দিনেও আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখতে হবে।
এ ক্ষেত্রে ব্যাংকগুলো স্থানীয় প্রশাসন এবং বন্দর বা কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিতে পারবে।