logo

পেট্রোল পাম্প মালিকদের উদ্দেশে সংগঠনের হুঁশিয়ারি

পেট্রোল পাম্প মালিকদের উদ্দেশে সংগঠনের হুঁশিয়ারি

কোনো পেট্রোল পাম্প মালিকের বিরুদ্ধে অবৈধভাবে তেল বিক্রির কোনো অভিযোগ পেলে সেই মালিককে সমিতি থেকে বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম কাবুল। এ ছাড়া সেসব মালিকের ডিলারশিপ বাতিল করার ক্ষেত্রেও সরকারকে সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (৩১ মার্চ) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

দায়িত্ব নিয়ে সাজ্জাদুল ইসলাম বলেন, যদি কোনো পেট্রোল পাম্প অন্যায়-অনিয়ম করে থাকে, আমি সরকারকে বলব তাদের ডিলারশিপ বাতিল করা হোক। কোনো পাম্প মালিকের অবৈধভাবে তেল বিক্রির কোনো অভিযোগ যদি আমাদের কাছে আসে, তাহলে সেই মালিককে সমিতি থেকে বহিষ্কার করব এবং তার ডিলারশিপ বাতিল করার ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করব। তাদের জন্য অনুরোধের কিছু নেই।

ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, একটা পেট্রোল পাম্প কখনোই পুরো খালি করা যায় না, অন্তত ২০০ থেকে ৪০০ লিটার তেল থাকা অবস্থায় বন্ধ করতে হয়। তা না হলে পরে তেল এলে ইয়ার লক হয়ে যায়। পরে পুরো লাইন চালু করতে এক থেকে দেড় ঘণ্টা সময় লেগে যায়।

সমিতির এই নেতা বলেন, ‘পেট্রোল পাম্প ছাড়া অনেক জায়গায় বেশি দামে খোলা তেল বিক্রি হচ্ছে। পেট্রোল পাম্প থেকে কোনো তেল ড্রামে করে বিক্রি হচ্ছে না। এখন সরকার থেকে প্রতিটি পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে। তাই অনিয়মের কোনো সুযোগ নেই। ট্যাগ অফিসার যদি সব তেল বিক্রি করে দেন, আমাদের কিছু করার নেই।’

তেল থাকা অবস্থায় কোনো পেট্রোল পাম্প বন্ধ করার সুযোগ নেই জানিয়ে এই ব্যবসায়ী নেতা বলেন, সরকার থেকে প্রতিটি পাম্পে একজন করে ট্যাগ অফিসার দেওয়া হয়েছে। আজ থেকে সরকার নিয়োজিত ট্যাগ অফিসার নির্ধারণ করবেন কয়টা থেকে কয়টা পর্যন্ত তেল দেওয়া হবে এবং কাকে কত লিটার করে দেওয়া হবে। এখানে পাম্প মালিক বা ম্যানেজারের কিছুই করার নেই। আমাদেরও কোনো দায়দায়িত্ব নেই।

এ সময় বর্তমান পরিস্থিতি বিবেচনায় পেট্রোল পাম্প ব্যবস্থাপনায় বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ জরুরি বলেও জানান তিনি।