Advertisement

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক ফজলুল হক

এশিয়া পোস্ট নিউজ
এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক ফজলুল হক
ফজলুল হক। ছবি: সংগৃহীত

দেশের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সাবেক সভাপতি ফজলুল হক।

রোববার (২ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এফবিসিসিআইয়ের প্রশাসকের দায়িত্ব নেন তিনি।

গত ২৬ জুলাই এক অফিস আদেশে ফজলুল হককে এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি আগামী ১২০ দিনের মধ্যে এফবিসিসিআইয়ের একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করবেন। এরপর নবনির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

দায়িত্ব গ্রহণের পর মো. ফজলুল হক এফবিসিসিআই সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক পরিচিতি সভায় মিলিত হন। এ সময় তিনি নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আলোচনা সভায় এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর প্রশাসকের প্রতি সচিবালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, সচিবালয় নিরপেক্ষতা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে নির্বাচন আয়োজনের পাশাপাশি দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, বাণিজ্য সহজীকরণ এবং নীতিগত অ্যাডভোকেসির কার্যক্রমেও অঙ্গীকারবদ্ধ থাকবে।