১ ফেব্রুয়ারি থেকে সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা

দেশের সুতা উৎপাদনকারী মিলগুলোকে রক্ষায় সরকারের ‘কার্যকর পদক্ষেপ না থাকায়’ আগামী ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সব টেক্সটাইল মিল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে বিটিএমএ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি শওকত আজিজ রাসেল এ ঘোষণা দেন। এ সময় সংগঠনের জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন।
বিটিএমএ সভাপতি বলেন, আগামী ১ তারিখ থেকেই ফ্যাক্টরি বন্ধ। আমরা বন্ধ তো করবই, ব্যাংকের টাকা ফেরত দেওয়ার সক্ষমতা নেই। মালিকদের বর্তমান আর্থিক দুরবস্থার চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমাদের পুঁজি অর্ধেক হয়ে গেছে। ব্যাংকের টাকা পরিশোধের কোনো ব্যবস্থা নেই। সব সম্পত্তি বিক্রি করে দিলেও শোধ করা যাবে না।’
আমলাতান্ত্রিক জটিলতার প্রতি ইঙ্গিত করে শওকত আজিজ রাসেল বলেন, সব মন্ত্রণালয়ের সব ডিপার্টমেন্টের কাছে গিয়েছি। তারা শুধু পিলো পাসিংয়ের মতো দায়িত্ব অন্যদের কাছে দিয়ে দিচ্ছে।
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানান এবং দেশীয় টেক্সটাইল শিল্প রক্ষায় অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি করেন।
দেশের টেক্সটাইল শিল্প রক্ষায় সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এ জন্য ব্যবস্থা নিতে গত ১২ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চিঠি দিয়েছে সংস্থাটি। এ পরিপ্রেক্ষিতে এনবিআর সুতা আমদানির তথ্য খতিয়ে দেখছে।