দুই দফায় যত কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর মধ্যে সবশেষ শুক্রবার সকালে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা এবং গতকাল ৩ হাজার ৩২৪ টাকা কমায় সংগঠনটি।
শুক্রবারের (১৩ মার্চ) বিজ্ঞপ্তিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম নির্ধারণ করেছে বাজুস। নতুন দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
এর আগে গতকাল সকালে দেশের বাজারে বড় ব্যবধানে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা নির্ধারণ করা হয়।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪২ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ২৬ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ১৬ দফা।