জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

জনগণের দুর্ভোগ কমাতে সরকার জ্বালানি খাতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে যশোরের জেলা প্রশাসকের (ডিসি) সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, জ্বালানির দাম বাড়লে পরিবহন ও খাদ্যপণ্যের দাম বেড়ে যায়, যা সাধারণ মানুষের জন্য অসহনীয় হয়ে ওঠে। তাই বিশ্বের ৮০টি দেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করলেও জনগণের স্বার্থে বাংলাদেশ তা করেনি। আর এ জন্য প্রতিদিন জ্বালানি খাতে ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার।
তিনি বলেন, মার্চ মাসে যেখানে প্রতিদিন গড়ে ১২ হাজার টন ডিজেলের চাহিদা থাকে, সেখানে ঈদের আগে প্রতিদিন ২৪ থেকে ২৫ হাজার টন ডিজেল সরবরাহ করা হয়েছে।
তিনি আরও বলেন, চলতি মাস পর্যন্ত জ্বালানি চাহিদা নিশ্চিত করা হয়েছে। আগামী ৯০ দিনের মজুত নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, দেশে প্রতিদিন গড়ে ডিজেলের চাহিদা ছিল ১২ হাজার টন। পেট্রল-অকটেনের চাহিদা ছিল ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টন। ঈদের আগে প্রতিদিন ২৪ হাজার থেকে ২৫ হাজার টন ডিজেল সরবরাহ করা হয়েছে। বতর্মান সরকার আগামী এপ্রিল পর্যন্ত জনগণের জ্বালানির চাহিদা নিশ্চিত করতে সক্ষম। আগামী দিনগুলোতেও যাতে সরকার ৯০ দিনের জ্বালানি মজুত নিশ্চিত করতে পারে, সেটির কাজও শুরু হয়েছে।
এদিকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের অনুমতি পাওয়াকে সরকারের বড় কূটনৈতিক সাফল্য হিসেবে অভিহিত করেন মন্ত্রী।