logo

টানা দুই দফায় যত কমলো স্বর্ণের দাম

টানা দুই দফায় যত কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম ১২ হাজার ৪৮০ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর মধ্যে সবশেষ সোমবার সকালে ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা এবং গত ৪ মার্চ ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমায় সংগঠনটি।

সোমবারের (৯ মার্চ) বিজ্ঞপ্তিতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা নির্ধারণ করে বাজুস। এ ছাড়া ২১ ক্যারেটের ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা নির্ধারণ করা হয়।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে বাজুস। সোমবার সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

এর আগে গত ৪ মার্চ সকালে দেশের বাজারে বড় ব্যবধানে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।
 
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩৮ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ২৪ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ১৪ দফা।