logo

‘রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে, কিছু পণ্যের দাম এখন কম’

‘রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে, কিছু পণ্যের দাম এখন কম’

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, গত বছরের চেয়েও এ বছর রমজানে ভোগ্যপণ্যের ক্ষেত্রে বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

তিনি আরও বলেন, আমরা বর্তমান বাজারের স্থিতি নিয়েছি। আমদানি ও উৎপাদনের পরিমাণগত বিশ্লেষণ করেছি। বিশ্লেষণ করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে গত বছরের চেয়েও এ বছরের রমজানের বাজার আরও ভালো হবে। গত বছরের তুলনায় এ বছর রমজানের বাজার আরও বেশি স্থিতি থাকবে বলে আমাদের বিশ্বাস।

রোববার (২৫ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করেছি। তারা আমাদের আশ্বস্ত করেছেন যে, ভোগ্যপণ্যের সরবরাহব্যবস্থা বা পরিস্থিতি স্বাভাবিক আছে।

গত বছরের মতোই আছে বা কোনো কোনো ক্ষেত্রে কিছুটা কম দাম আছে, কিন্তু সরবরাহ পরিস্থিতি একই রকম আছে। কাজেই তারা আমাদের আশ্বস্ত করেছেন যে, মূল্য পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং সরবরাহও স্বাভাবিক থাকবে।

তিনি বলেন, প্রায় সব ধরনের পণ্যের ক্ষেত্রেই স্থিতিশীল অবস্থায় আছে। সরবরাহ পরিস্থিতি কোনো কোনো ক্ষেত্রে কিছু বেশি আছে, মূল্য কোনো কোনো ক্ষেত্রে কিছু কম আছে।

কাজেই আশা করা যায়, গত বছরের চেয়েও এ বছর রমজানের বাজারে বিশেষ করে ভোগ্যপণ্যের ক্ষেত্রে বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে সংস্থাগুলোর প্রতিনিধি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।