logo

বছরের প্রথম ২০ দিনে প্রবাসীরা পাঠালেন ২২২ কোটি ডলার

বছরের প্রথম ২০ দিনে প্রবাসীরা পাঠালেন ২২২ কোটি ডলার

চলতি মাসের প্রথম ২০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২২২ কোটি ২০ লাখ বা ২ দশমিক ২২ বিলিয়ন মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ১১ লাখ ডলার রেমিট্যান্স।

বুধবার (২১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২০ জানুয়ারি পর্যন্ত প্রবাসীরা ১ হাজার ৮৪৮ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১ হাজার ৫২১ কোটি ২০ লাখ মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন, চলতি জানুয়ারির প্রথম ২০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২২২ কোটি ২০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৪৩ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

এর আগে, গত ডিসেম্বরে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। যা চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের যেকোনো মাসের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।