কাজে যোগ দিলেন নতুন গভর্নর

দায়িত্ব পাওয়ার পর দিন বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কাজে যোগ দিতে বাংলাদেশ ব্যাংকে এসেছেন নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান। সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকার মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রবেশ করেন তিনি। এ সময় ব্যাংকের তিন ডেপুটি গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বরণ করে নেন।
প্রথম কর্মদিবসে বাংলাদেশ ব্যাংকে প্রবেশের সময় নতুন গভর্নর সাংবাদিকদের বলেন, ‘এসেছি, কাজ শুরু করি; তারপর কথা বলা যাবে।’
জানা গেছে, নতুন গভর্নর আজ দিনের প্রথম ভাগে ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান ও প্রধান অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠক করবেন। এরপর নির্বাহী পরিচালকদের সঙ্গে বৈঠক করবেন। দুপুর দেড়টায় তিনি সচিবালয়ে যাবেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে ব্যবসায়ী মো. মোস্তাকুর রহমানকে গভর্নর পদে নিয়োগ দিয়েছে সরকার। দেশের ইতিহাসে এই প্রথম কোনো ব্যবসায়ীকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ অনুযায়ী মোস্তাকুর রহমানকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ প্রদান করা হলো।
নতুন গভর্নর মোস্তাকুর রহমান হেরা সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বরত রয়েছেন। তবে কর্পোরেট অর্থায়ন, শিল্প ব্যবস্থাপনা এবং প্রাতিষ্ঠানিক সুশাসন বিষয়ে তার বিশেষ দক্ষতা রয়েছে বলে জানা গেছে।
তিনি বিজিএমইএ-র বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত ছিলেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বোর্ড সদস্য ছিলেন। এছাড়া তিনি ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই), রিহ্যাব, এবং আটাব-এর মতো গুরুত্বপূর্ণ পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের সদস্য।
মোস্তাকুর রহমান ইনস্টিটিউট অফ কষ্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএমএবি)-এর একজন ফেলো মেম্বার।
১৯৬৬ সালে জন্মগ্রহণ করা নতুন গভর্নর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে বি.কম (অনার্স) এবং মাস্টার্স সম্পন্ন করেছেন। এছাড়াও ১৯৯২ সালে তিনি আইসিএমএবি থেকে পেশাদার ডিগ্রি অর্জন করেন।