logo

ই-রিটার্নে স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় হবে আমদানির আয়কর

ই-রিটার্নে স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় হবে আমদানির আয়কর

আমদানি পর্যায়ে পরিশোধিত অগ্রিম আয়কর স্বয়ংক্রিয়ভাবে করদাতার ই-রিটার্নে ক্রেডিট দেওয়ার ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে আমদানিকারকদের ভোগান্তি কমবে।

রোববার (১৮ জানুয়ারি) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জানান, ই-রিটার্ন সিস্টেমের সঙ্গে কাস্টমসের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড প্ল্যাটফর্মের কার্যকর সংযোগ রোববার থেকেই চালু হয়েছে। 

এর ফলে এখন থেকে আমদানিকারক করদাতারা যখন অনলাইনে ই-রিটার্ন দাখিল করবেন, তখন সংশ্লিষ্ট আয়বছরের প্রতিটি ‘বিল অব এন্ট্রির’ বিপরীতে পরিশোধিত অগ্রিম আয়করের তথ্য স্বয়ংক্রিয়ভাবে সেখানে প্রদর্শন হবে।

আমদানিকারকদের জন্য এটি একটি বড় স্বস্তি, কারণ আগে এই ক্রেডিট পাওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা ও নানা প্রক্রিয়া অনুসরণ করতে হতো।

এনবিআর জানিয়েছে, নতুন এই ব্যবস্থার ফলে আমদানিকারক যখন তার ব্যবসার আয়সংক্রান্ত তথ্য ই-রিটার্নে এন্ট্রি দেবেন, তখন পরিশোধিত অগ্রিম আয়কর স্বয়ংক্রিয়ভাবে তার মোট প্রদেয় কর থেকে বাদ যাবে। এরপর নিট পরিশোধযোগ্য করের অঙ্ক সিস্টেম নিজেই নির্ধারণ করে দেবে।

এনবিআর জানিয়েছে, চলতি কর বছরে এখন পর্যন্ত প্রায় ৩৩ লাখ করদাতা ই-রিটার্ন দাখিল করেছে। গত বছরের ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ কর বছরের জন্য www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রম উদ্বোধন করেন। 

রোববার পর্যন্ত ৪৬ লাখের বেশি করদাতা ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করেছেন। প্রায় ৩৩ লাখ করদাতা এরই মধ্যে ই-রিটার্ন দাখিল করেছেন।

তবে যাদের জন্য ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়নি তারাও অনলাইনে ই-রিটার্ন দাখিল করছেন। চলতি বছর প্রবাসী বাংলাদেশি করদাতারাও ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করে অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারছেন।

এখন পর্যন্ত প্রায় ৪ হাজার প্রবাসী করদাতা তাদের ২০২৫-২৬ কর বছরের আয়কর রিটার্ন ই-রিটার্ন সিস্টেমে অনলাইনে দাখিল করেছেন। 

অনলাইনে ই-রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো ধরনের কাগজপত্র বা দলিল আপলোড করতে হয় না। ব্যক্তি করদাতারা যাতে ঘরে বসেই আয়কর পরিশোধ করে সহজে রিটার্ন দাখিল করতে পারেন সে লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের সব প্রচেষ্টা অব্যাহত আছে।

ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে আগামী ৩১ জানুয়ারির মধ্যে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য সব ব্যক্তি করদাতাকে অনুরোধ করেছে জাতীয় রাজস্ব বোর্ড।