আপাতত ভোজ্যতেলের দাম বাড়ানো হচ্ছে না: বাণিজ্যমন্ত্রী

আপাতত ভোজ্যতেলের দাম বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (১২ এপ্রিল) ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। এটা স্বাভাবিক। কিন্তু বলার মতো কোনো কিছু হয়নি। যদিও বাজারে কিছু কিছু ব্র্যান্ডের তেলের সরবরাহ কম রয়েছে।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জনগণের কথা ভেবে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ানো হচ্ছে না। দেশে কোনো পণ্যেরই দাম বাড়াতে চায় না সরকার।
এদিকে জ্বালানি তেলের সংকটের মধ্যেই এবার উত্তপ্ত হয়ে উঠেছে ভোজ্যতেলের বাজার। যখন জ্বালানি তেলের কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামে প্রভাব পড়া শুরু করেছে, ঠিক এমন সময় সয়াবিনের এই আকাল সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ।
রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে সরেজমিনে দেখা গেছে, সয়াবিন তেলের তীব্র সংকট তৈরি হয়েছে। বিশেষ করে মধ্য ও নিম্নবিত্তের নাগালে থাকা ১ ও ২ লিটারের বোতলজাত সয়াবিন তেল বাজার থেকে প্রায় উধাও।
ক্রেতাদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে জিম্মি করছেন ব্যবসায়ীরা। আবার বেশি টাকা দিলে তেল মিলছে। আর বিক্রেতারা দায় চাপিয়েছেন ডিলারদের ওপর।
রাজধানীর কারওয়ান বাজার, সেগুনবাগিচা ও শান্তিনগর এলাকার বিভিন্ন মুদি দোকান ঘুরে এশিয়া পোস্টের প্রতিবেদক দেখতে পান, তেলের তাকে বড় ৫ লিটারের বোতল দু-একটি থাকলেও কোথাও নেই ছোট বোতল।