সকালে বেড়ে রাতে কমলো স্বর্ণের দাম

সকালে স্বর্ণের দাম ৭ হাজার ৬৪০ টাকা বাড়ানোর পর রাতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস আরও জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে নতুন এ দাম কার্যকর হবে।
এদিকে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে, সবশেষ শনিবার সকালেই দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেখানে ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।
উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ২৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ১৭ দফা দাম বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ১০ দফা।