‘বন্ধ শিল্পকারখানা চালুর উদ্যোগে নীতিগত সুবিধা সহায়তা করবেন গভর্নর’

বন্ধ হওয়া শিল্পকারখানা পুনরায় চালুর উদ্যোগে প্রয়োজনীয় নীতিগত (পলিসি) সুবিধা সহায়তা করার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গভর্নরের বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
এর আগে দায়িত্ব পাওয়ার পর দিন বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কাজে যোগ দিতে বাংলাদেশ ব্যাংকে এসেছেন নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান। সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকার মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রবেশ করেন তিনি। এ সময় ব্যাংকের তিন ডেপুটি গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বরণ করে নেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে ব্যবসায়ী মো. মোস্তাকুর রহমানকে গভর্নর পদে নিয়োগ দিয়েছে সরকার। দেশের ইতিহাসে এই প্রথম কোনো ব্যবসায়ীকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ অনুযায়ী মোস্তাকুর রহমানকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ প্রদান করা হলো।
নতুন গভর্নর মোস্তাকুর রহমান হেরা সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বরত রয়েছেন। তবে কর্পোরেট অর্থায়ন, শিল্প ব্যবস্থাপনা এবং প্রাতিষ্ঠানিক সুশাসন বিষয়ে তার বিশেষ দক্ষতা রয়েছে বলে জানা গেছে।