logo

জেন-জি ও সাধারণের ভাষায় কঠিন অর্থনীতিকে সহজ করবে ‘অর্থল্যাব’

জেন-জি ও সাধারণের ভাষায় কঠিন অর্থনীতিকে সহজ করবে ‘অর্থল্যাব’
অর্থল্যাবের লোগো। ছবি: বিজ্ঞপ্তি

সংবাদপত্রে মুদ্রাস্ফীতি, ডলারের বিনিময় হার কিংবা রেমিট্যান্সের গ্রাফ দেখে অনেকেই হয়তো দীর্ঘশ্বাস ফেলেন। সংখ্যাগুলো দেখে মনে হতে পারে, এসব তো নীতিনির্ধারক বা ব্যাংকারদের বিষয়, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে এর সম্পর্ক কোথায়? ঠিক এই ব্যবধান দূর করতেই তরুণদের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন এক অনলাইন প্ল্যাটফর্ম-‘অর্থল্যাব’ (arthalabbd.com)। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে।

অর্থনীতির খবরের এই অভিনব উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন সহপ্রতিষ্ঠাতা আদিত্য মল্লিক।

Advertisement

সহজ কথায় অর্থনীতির খবর

বাংলা ও ইংরেজিতে দ্বৈভাষিক এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য হলো, দেশের অর্থনৈতিক খবরগুলোকে সাধারণ মানুষের বোধগম্য ভাষায় উপস্থাপন করা। তবে এটি চিরাচরিত কোনো সংবাদমাধ্যম নয়। অর্থল্যাবের কাজ হলো-কোনো একটি অর্থনৈতিক খবর প্রকাশিত হওয়ার পর পাঠক যেন নিজেই বুঝতে পারেন, এটি আমার জীবনের সঙ্গে কীভাবে যুক্ত?

প্ল্যাটফর্মটির সহপ্রতিষ্ঠাতা আদিত্য মল্লিক বর্তমানে যুক্তরাজ্যের নটিংহাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি এবং আন্তর্জাতিক ব্যাংকিং ও ফাইন্যান্স বিষয়ে স্নাতক করছেন। তার সঙ্গে এই উদ্যোগে যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল মার্কেটিংয়ের শিক্ষার্থী জুবায়ের হোসেন এবং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী সারা আহমেদ।

আদিত্য মল্লিক বলেন, বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়তে গিয়ে আমি বারবার দেখেছি, মূল্যস্ফীতি বা সুদের হারের খবর নিয়মিত এলেও সাধারণ মানুষ বুঝতে পারেন না এগুলো তাদের বাজারের খরচ বা চাকরিকে কীভাবে প্রভাবিত করে। দ্রুত খবর দেওয়ার প্রতিযোগিতায় না নেমে আমরা প্রকাশিত ও যাচাইযোগ্য তথ্যকে সহজ ও শেখার উপযোগী করতে চাই।

একটি খবর, চার দৃষ্টিকোণ

অর্থল্যাবের সবচেয়ে বড় বৈচিত্র্য হলো তাদের পরিবেশন শৈলী। এখানে প্রতিটি খবরের মূল তথ্য ও উৎস দেখানোর পাশাপাশি সেটির সম্ভাব্য প্রভাব ফুটিয়ে তোলা হয় চারটি ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে

  • জেন-জি বা শিক্ষার্থী: যাতায়াত, হাতখরচ ও মোবাইল ডেটার বাজেটে এর প্রভাব কী।
  • পরিবার: মাসের বাজার, বাসাভাড়া ও গৃহস্থালির খরচ।
  • ব্যবসায়ী: কাঁচামালের দাম, বিক্রি ও ঋণের খরচ।
  • চাকরিজীবী: বেতন, ক্রয়ক্ষমতা ও চাকরির স্থিতিশীলতা।

প্রতিটি ব্যাখ্যায় স্পষ্ট করে আলাদা রাখা হয়-আসলে কী ঘটেছে, তথ্য কী বলছে এবং অর্থনৈতিক যুক্তিতে এর ফল কী হতে পারে। কোনো খবরের ক্ষেত্রে কোনো পূর্বাভাস বা ব্যক্তিগত বিনিয়োগের পরামর্শ দেওয়া হয় না; বরং পাঠকদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ানোই এর উদ্দেশ্য।

খেলতে খেলতে অর্থনীতি শেখার সুযোগ

অর্থল্যাবের অন্যতম আকর্ষণ হলো পরীক্ষাধীন একটি শিক্ষামূলক গেম-‘গড়ুন আপনার টাকার স্তূপ’ (Build Your Taka Stack)। বাংলাদেশের বাস্তবতার আদলে তৈরি এই খেলায় খেলোয়াড়রা ১০ বছরের একটি কাল্পনিক যাত্রার মধ্য দিয়ে চাকরি, সঞ্চয়, বিনিয়োগ, ঋণ ও ছোট ব্যবসা পরিচালনার সিদ্ধান্ত নেন এবং অপ্রত্যাশিত অর্থনৈতিক পরিস্থিতি সামলান। এতে কোনো আসল টাকার লেনদেন না থাকলেও ঝুঁকি, সুযোগব্যয় ও জরুরি সঞ্চয়ের মতো গুরুত্বপূর্ণ ধারণাগুলো অত্যন্ত মজাদার উপায়ে শেখা যায়।

বিশ্বাসযোগ্যতা ও সামনের পথ

প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি তথ্যের সঙ্গে মূল সূত্রের লিংক ও তারিখ যুক্ত থাকবে। সংবাদে কোনো ভুল থাকলে পাঠকেরা সরাসরি সংশোধনের অনুরোধ জানাতে পারবেন।

ভবিষ্যতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজের অর্থনীতি বা বিজনেস ক্লাব, গবেষণা প্রতিষ্ঠান এবং উন্নয়ন সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে অর্থল্যাব দলের। তরুণদের মতামতের ভিত্তিতে প্ল্যাটফর্মটিকে ধাপে ধাপে আরও সমৃদ্ধ করা হবে।

অর্থনীতি যখন মানুষের দৈনন্দিন জীবনের ভাষায় পৌঁছায়, তখন তা আর কেবল তথ্যের বিষয় থাকে না, হয়ে ওঠে সচেতন সিদ্ধান্ত নেওয়ার হাতিয়ার। সেই আস্থার সেতু নির্মাণ করতেই ১৬ ডিসেম্বর থেকে যাত্রা শুরু করছে ‘অর্থল্যাব’।