logo

রাজধানীর খুচরা বাজারে সবজি-মুরগির চড়া দাম

রাজধানীর খুচরা বাজারে সবজি-মুরগির চড়া দাম
রাজধানীর সবজির বাজার। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে সবজি ও মুরগির চড়া দাম। পাইকারি ও বাজার কারওয়ান বাজারের তুলনায় শহরের সাধারণ খুচরা বাজারগুলোতে সবজি অন্তত ১০-২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, কারওয়ান বাজার বাদে অন্যান্য খুচরা বাজারে পরিবহন ও অন্যান্য খরচের অজুহাতে দাম কিছুটা বেশি রাখা হচ্ছে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজার, মগবাজার, ইস্কাটন রোড ও বাংলামোটরের কয়েকটি কাঁচাবাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে।

সরেজমিনে দেখা যায়, আলু প্রতি কেজি ৩০ টাকা, পটল ৫০-৬০ টাকা, বরবটি পাইকারিতে ৫০ টাকা, ঝিঙা ৬০ টাকা, চিচিঙ্গা ৬০-৮০ টাকা, শিম ৮০-১২০ টাকা, করলা ৮০ টাকা, বেগুন ১০০-১২০ টাকা।

এ ছাড়া প্রতি কেজি বয়লার মুরগি ১৮০-২২০ টাকা ও সোনালি মুরগি ৩২০-৩৪০ টাকা।

মগবাজার এলাকার খুচরা সবজি বিক্রেতা মমিনুর রহমান বলেন, ‘কারওয়ান বাজার বা পাইকারি আড়ত থেকেই বেশি দামে সবজি কিনতে হয়। এরপর পরিবহন খরচ, বাজারের তোলা আর পচনশীল মাল নষ্ট হওয়ার ঝুঁকি সব মিলিয়ে খুচরা বাজারে প্রতি কেজিতে ১০ টাকা বেশি না বেচলে আমাদের পোষায় না।’

বাংলামোটরের মুরগি বিক্রেতা আলমগীর হোসেন বলেন, ‘পাইকারিতে মুরগির দাম একটু চড়া। খামার থেকেই বাড়তি দামে আনতে হচ্ছে। যে কারণে আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’

ইস্কাটন রোডে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী কামরুল হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাজারের যে অবস্থা, তাতে সাধারণ আয়ের মানুষের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। আলুর দাম কিছুটা কমলেও বেগুন, করলা বা শিম কিনতে গেলে পকেট ফাঁকা হয়ে যায়। এভাবে চলতে থাকলে সংসার চালানো মুশকিল।’

একই বাজারের ক্রেতা গৃহিণী ফাতেমা বেগম বলেন, ‘সবজির পাশাপাশি মুরগির দামও অনেক বেশি। বয়লার মুরগি ১৮০-২০০ টাকা আর সোনালি মুরগি সাড়ে তিনশো ছুঁইছুঁই। মাসের বাজার করতে এসে হিমশিম খেতে হচ্ছে।’

পাইকারি ও খুচরায় গরমিল

দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার কারওয়ান বাজারে সবজির দাম কিছুটা কম। তবে কারওয়ান বাজার ছাড়া মগবাজার, ইস্কাটন ও বাংলা মোটরের মতো এলাকাগুলোর খুচরা বাজারগুলোতে পা রাখলেই সবজির দাম কেজিতে অন্তত ১০ টাকা বেড়ে যাচ্ছে।

রমজানে দাম বাড়ার আগাম খবর

বাজারের বর্তমান দরদাম নিয়েই স্বস্তিতে নেই নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। তার ওপর ব্যবসায়ীরা ইঙ্গিত দিচ্ছেন, আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে সবজি ও মাংসের দাম আরও কিছুটা বাড়তে পারে। নিত্যপণ্যের এ সম্ভাব্য দরবৃদ্ধির আগাম খবরে গভীর দুশ্চিন্তা ও ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট