সংকট মোকাবিলায় রেজুলেশন ফার্ম করতে চায় বাংলাদেশ ব্যাংক : গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ব্যাংকিং খাতে সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক রেজুলেশন ফার্ম গঠনের উদ্যোগ নিতে চায় বলে জানিয়েছেন। তিনি বলেছেন, এ লক্ষ্যে ব্যাংকগুলোর অর্থায়নে একটি ফান্ড তৈরির পরিকল্পনা চলছে।
বুধবার (২১ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে ‘ব্যাংকিং খাত : বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ’ শীর্ষক এক বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ব্যাংকিং খাতে কোনোভাবেই যেন ব্যক্তি-কেন্দ্রিক সিদ্ধান্ত প্রভাব না ফেলে, সে বিষয়ে বিশেষভাবে লক্ষ রাখতে হবে। দুর্বৃত্তায়ন, অনিয়ম, পরিবারতন্ত্র এবং সুশাসনের অভাবে ব্যাংকিং খাত থেকে প্রায় ৩ লাখ কোটি টাকা বেরিয়ে গেছে, যা হয়তো পাচারও হয়ে থাকতে পারে।
বাংলাদেশ ব্যাংক স্বাধীনভাবে কাজ করছে জানিয়ে গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংক পুরোপুরি স্বাধীন না হলেও স্বাধীনভাবে কাজ করছে। তবে ভবিষ্যতে স্বাধীনভাবে কাজ করতে পারা নিয়ে উদ্বেগ রয়েছে।