শিশুখাদ্যের কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব

দেশে শিশুখাদ্য আরও সাশ্রয়ী ও সহজলভ্য করতে শিশুখাদ্য তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব করেছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ উদ্যোগের কথা জানানো হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, আমদানিকৃত শিশু খাদ্য প্রস্তুতিমূলক সামগ্রীর (Preparation for Infant or Young Children) ক্ষেত্রে শিল্পের কাঁচামাল আমদানির ওপর বিদ্যমান ১৫ শতাংশ আমদানি শুল্ক কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শুল্ক কমানোর ফলে উৎপাদন ব্যয় হ্রাস পাবে। এর ইতিবাচক প্রভাব দেশের বাজারে শিশুখাদ্যের দামে পড়তে পারে। ফলে পণ্যটি সাধারণ ভোক্তাদের জন্য আরও সুলভ ও সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে।
আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে আয় ও ব্যয়ের মধ্যে ব্যবধান দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এই ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক—উভয় উৎস থেকেই ঋণ ও অন্যান্য মাধ্যমে অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে।
প্রস্তাবিত বাজেটে জনকল্যাণমূলক বিভিন্ন খাতে ব্যয় বাড়ানোর পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ কিছু পণ্যের ওপর শুল্ক-কর কাঠামো পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুখাদ্যের কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাবও সেই উদ্যোগের অংশ।