logo

২০২৭ সালের ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ

২০২৭ সালের ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়। ছবি: বিডিনিউজ২৪

আগামী বছরের (২০২৭) জন্য ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে মোট ৩১ দিনের ছুটির তালিকা করা হয়েছে। তবে এর মধ্যে ১ দিন থাকবে শুধু তিন পার্বত্য অঞ্চলে। এর বাইরে ৩০ দিন থাকবে সবার জন্য ছুটি।

সরকারঘোষিত ছুটির সঙ্গে মিলিয়ে রোববার (২৯ নভেম্বর) ব্যাংকের ছুটির এ তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ইতোমধ্যে এ–সংক্রান্ত নির্দেশনা দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে পাঠানো হয়েছে।

Advertisement

ছুটির তালিকা অনুযায়ী, আগামী বছর ব্যাংককর্মীরা সবচেয়ে বেশি ছুটি পাবেন মার্চ ও মে মাসে, ৮ দিন করে। মার্চে ঈদুল ফিতর, শবে কদর, স্বাধীনতা দিবস ও জুমাতুল বিদার ছুটি মিলিয়ে মোট ৮ দিন ব্যাংকে ছুটি থাকবে। এর মধ্যে জুমাতুল বিদার ছুটি পড়েছে শুক্রবার। শুক্রবার এমনিতেই সাপ্তাহিক ছুটির দিন। ফলে ওই দিনের সরকারি ছুটি বাদ দিলে মার্চে ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক। এর মধ্যে ৮-১২ মার্চ টানা ৫ দিন ছুটি থাকবে ঈদুল ফিতরের। আর জুমাতুল বিদার ছুটি ৫ মার্চ, শবে কদরের ছুটি ৭ মার্চ ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি থাকবে ব্যাংকে।

একইভাবে মে মাসের ঈদুল আজহার ছুটি ঘোষণা করা হয়েছে ৬ দিনের। ১৫ মে শনিবার থেকে ২০ মে বৃহস্পতিবার পর্যন্ত এ ছুটি ঘোষণা করা হয়েছে। যদিও শনিবার সাপ্তাহিক ছুটির দিন। তাই দিনটি বাদ দিলেও ঈদুল আজহায় ৫ দিন ছুটি পাবেন ব্যাংককর্মীরা। ঘোষিত ছুটির তারিখ অপরিবর্তত থাকলে ঈদুল আজহায় ৯ দিনের লম্বা ছুটি ভোগ করতে পারবেন ব্যাংকাররা। কারণ, ১৪ মে শুক্রবার সাপ্তাহিক ছুটি। এরপর ১৫ মে থেকে ২০ মে বৃহস্পতিবার পর্যন্ত থাকবে ঈদের ছুটি। ২১ ও ২২ মে শুক্র ও শনিবার বিশেষ ব্যবস্থায় ব্যাংক খোলার সিদ্ধান্ত না হলে সাপ্তাহিক এ দুদিনের ছুটিও যুক্ত হবে ঈদের ছুটির সঙ্গে। ফলে ঈদুল আজহার ছুটির আগে–পরে মিলিয়ে মোট ৯ দিন ছুটি ভোগ করতে পারবেন। এ ছাড়া ১ মে শনিবার মে দিবসের ও ২০ মে বৃহস্পতিবার বুদ্ধপূর্ণিমার ঘোষিত ছুটি রয়েছে। যদিও বুদ্ধপূর্ণিমার ছুটির দিনটি ঈদুল আজহার ছুটির সঙ্গে একীভূত হয়ে যাবে। ফলে সাপ্তাহিক ছুটির দিনে পড়া সরকারি ছুটির দিনগুলো বাদ দিলে ব্যাংকে প্রকৃত ছুটি থাকবে ৫ দিন।

কোন মাসে কত দিন ছুটি

জানুয়ারিতে ৩ দিনের টানা ছুটি: আগামী বছর ব্যাংকের সরকারি ছুটি শুরু হবে ২৪ জানুয়ারি রোববার শবে বরাতের ছুটি দিয়ে। যদিও ছুটির ঘোষিত এ তারিখ চাঁদ দেখাসাপেক্ষে পরিবর্তিত হতে পারে। যদি চাঁদ দেখা সাপেক্ষে ২৪ জানুয়ারি রোববার শবে বরাতের ছুটির পরিবর্তন না হয়, তাহলে এ ছুটিকে কেন্দ্র করেও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৩ দিনের টানা ছুটি পাবেন ব্যাংকাররা।

ফেব্রুয়ারিতে ৩ দিনের টানা ছুটি: আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ব্যাংকে সরকারি ছুটি রয়েছে ১ দিন। সেটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি, রোববার। এ দিনের ছুটির সঙ্গে যোগ হবে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। ফলে ফেব্রুয়ারি মাসেও ২১ ফেব্রুয়ারির ছুটিকে কেন্দ্র করে টানা ৩ দিন ছুটি পাবেন ব্যাংকাররা।

মার্চে ৯ দিনের টানা ছুটি: বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ছুটির তালিকা অনুযায়ী, বলতে গেলে ৫ মার্চ শুক্রবার থেকে শুরু হয়ে ১৩ মার্চ শনিবার পর্যন্ত ৯ দিনের টানা ছুটি থাকবে ব্যাংকে। এর মধ্যে শুক্রবারসহ ঈদের ছুটি ৫ দিন, জুমাতুল বিদার ছুটি ১ দিন (শুক্রবার), সাপ্তাহিক ছুটি ২ দিন (৬ ও ১৩ মার্চ) এবং ৭ মার্চ শবে কদরের ছুটি। এ ছুটির তালিকা পরিবর্তিত না হলে মার্চের শুরুতে ব্যাংকাররা একটানা লম্বা ছুটি পাবেন।

এপ্রিলে ছুটি ১ দিন: বাংলা নববর্ষ উপলক্ষে এপ্রিলে ছুটি থাকবে ১ দিন। সেটি ১৪ এপ্রিল, বুধবার। তিন পার্বত্য অঞ্চলে এ ছুটি হবে ১৩ এপ্রিল, মঙ্গলবার। তবে ব্যাংকাররা আগে থেকে পরিকল্পনা করলে এ ছুটিকে কেন্দ্র করে কয়েক দিনের টানা ছুটির সুবিধা পাবেন। সে ক্ষেত্রে ১৫ এপ্রিল, বৃহস্পতিবার ১ দিনের ছুটি নিলে যুক্ত হবে শুক্র ও শনিবার ২ দিনের সাপ্তাহিক ছুটি। তাতে টানা ছুটি পাওয়া যাবে ৪ দিনের।

মে মাসে লম্বা ছুটি: মে দিবসের ছুটি দিয়ে ১ মে শুরু হবে এ মাসের ছুটির হিসাব। এরপর রয়েছে ১৫ মে শনিবার থেকে ২০ মে বৃহস্পতিবার পর্যন্ত ঈদুল আজহার টানা ৬ দিনের ছুটি। এ ছুটির আগে–পরে যোগ হবে ৩ দিনের সাপ্তাহিক ছুটি। ফলে ঈদুল আজহার ছুটি দাঁড়াবে মূলত ৯ দিনে। এ ছুটির সঙ্গে একীভূত হয়ে যাবে বুদ্ধপূর্ণিমার ছুটিও।

জুনেও আছে ছুটির ফাঁদ: বছরের মাঝখানের এ মাসটিতে ব্যাংকে সরকারি ছুটি ১ দিন। সেটি ১৬ জুন, বুধবার আশুরার ছুটি। এ ছুটির সঙ্গে বৃহস্পতিবার ১ দিন ছুটি নিলে তার সঙ্গে যোগ হবে ২ দিনের সাপ্তাহিক ছুটি। ফলে ১ দিন বাড়তি ছুটি নিলে পাওয়া যেতে পারে ৪ দিনের টানা ছুটি।

জুলাইয়েও টানা ৩ দিনের ছুটি: এ মাসে ব্যাংকের সরকারি ছুটি ১ দিন। সেটি ব্যাংক হলিডে উপলক্ষে ১ জুলাই। দিনটি বৃহস্পতিবার হওয়ায় এই ছুটির সঙ্গে দুদিনের সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। তাতে টানা ছুটি হতে পারে ৩ দিনের।

আগস্টে ছুটি ৩ দিন: এ মাসের প্রথম সরকারি ছুটি ৫ আগস্ট। জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে ঘোষিত এ দিনে সরকারি ছুটি পড়েছে বৃহস্পতিবার। ফলে তার সঙ্গে যুক্ত হবে ২ দিনের সাপ্তাহিক ছুটি। ফলে আগস্টের শুরুতে টানা ৩ দিনের ছুটি পাবেন ব্যাংকাররা। এরপর ১৫ আগস্ট রোববার ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১ দিনের সরকারি ছুটি। তার সঙ্গেও যুক্ত হবে শুক্র ও শনিবারের ২ দিনের সাপ্তাহিক ছুটি। আর ২৫ আগস্ট বুধবার জন্মাষ্টমী উপলক্ষে রয়েছে ১ দিনের সরকারি ছুটি। এ ছুটির সঙ্গে মিলিয়ে কেউ বৃহস্পতিবার ১ দিনের ছুটি নিলে তার সঙ্গে পাওয়া যাবে ২ দিনের সাপ্তাহিক ছুটি।

সেপ্টেম্বরে কোনো ছুটি নেই: বাংলাদেশ ব্যাংক–ঘোষিত সরকারি ছুটির তালিকায় এ মাসে সাপ্তাহিক ছুটির বাইরে কোনো ছুটি নেই।

অক্টোবরেও ৩ দিনের ছুটি: ঘোষিত তালিকা অনুযায়ী, এ মাসে সরকারি ছুটি রয়েছে ২ দিন। হিন্দুধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ৯ ও ১০ অক্টোবর, শনি ও রোববার সরকারি ছুটি থাকবে ব্যাংকে। তার সঙ্গে যুক্ত হবে শুক্রবারের ১ দিনের সাপ্তাহিক ছুটি। ফলে ৩ দিনের টানা ছুটি পাবেন ব্যাংকাররা।

নভেম্বরে ছুটি ১ দিন: ঘোষিত তালিকা অনুযায়ী, এ মাসে ছুটি ১ দিন। সেটি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ছুটি। দিনটি রোববার হওয়ায় এই ছুটির সঙ্গে ২ দিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে ব্যাংকাররা ৩ দিনের টানা ছুটি পাবেন।

ডিসেম্বরে ছুটি ৩ দিন: আগামী বছরের শেষ মাসটিতে ব্যাংকে ঘোষিত সরকারি ছুটি রয়েছে ৩ দিন। তার মধ্যে ২ দিন সাপ্তাহিক ছুটির দিনে। মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর, বৃহস্পতিবার ছুটি থাকবে। এ ছুটির সঙ্গে ২ দিনের সাপ্তাহিক ছুটিসহ ৩ দিনের টানা ছুটি পাবেন ব্যাংকাররা। এ ছাড়া বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর শনিবার এবং ব্যাংক হলিডে উপলক্ষে ৩১ ডিসেম্বর শুক্রবার ব্যাংকে সরকারি ছুটি থাকবে। এ দুটি ছুটিই পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে।

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট