সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়লেন আইয়ুব মিয়া

রাষ্ট্রমালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন মোহাম্মদ আইয়ুব মিয়া।
সোমবার (১৬ মার্চ) তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত কারণেই তিনি ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চাইছেন। গত বছরের ৭ ডিসেম্বর তাকে এই ব্যাংকের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। মোহাম্মদ আইয়ুব মিয়া সরকারের সাবেক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তারল্য সংকটে থাকা পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করে গঠন করা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এ ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক।
ব্যাংকটির অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা দিয়েছে, আর বাকি ১৫ হাজার কোটি টাকা আসবে আমানতকারীদের শেয়ার থেকে।
এর আগে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক পদে দীর্ঘ প্রক্রিয়ার পর নাবিল মুস্তাফিজুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেননি।
বর্তমানে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।