logo

আরও ১ হাজার কোটি টাকা পেল ইসলামী ব্যাংক

আরও ১ হাজার কোটি টাকা পেল ইসলামী ব্যাংক
islami-bank

তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে আরও ১ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে গত চার দিনে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ব্যাংকটি মোট ৭ হাজার ৫০০ কোটি টাকার সহায়তা পেয়েছে।

বুধবার (১৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কেন্দ্রীয় ব্যাংক।

গত কয়েক বছরে ঋণ প্রদানে অনিয়ম, খেলাপি ঋণের সংখ্যা বাড়া এবং আমানতকারীদের আস্থার সংকটের কারণে ব্যাংকটি তারল্য চাপে পড়ে। এর প্রভাব গ্রাহকদের অর্থ উত্তোলন ও অন্যান্য ব্যাংকিং সেবার ওপরও পড়ে।

তাই গ্রাহকদের লেনদেন স্বাভাবিক করতে এবং তারল্য চাপ সামাল দিতে বাংলাদেশ ব্যাংক একের পর এক অর্থসহায়তা দিয়ে যাচ্ছে ব্যাংকটিকে।

এদিকে গতকাল মঙ্গলবার (১৬ জুন) ইসলামী ব্যাংকের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। বৈঠক শেষে তারা সাত দফা দাবি উত্থাপন করে।

ফোরামের দাবির মধ্যে রয়েছে, বিতর্কিতভাবে অধিগ্রহণ করা হয়েছে বলে অভিযোগ থাকা শেয়ার আগের মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া অথবা আইপিওর মাধ্যমে শেয়ারবাজারে বিক্রি করা হোক। এতে ব্যাংকটির মালিকানা কাঠামোয় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে।

এ ছাড়া সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের পুনর্বহালের বিষয়টি নতুন পরিচালনা পর্ষদ আইন অনুযায়ী বিবেচনা করবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি রাজনৈতিক প্রভাবমুক্ত ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে পরিচালনা পর্ষদ গঠনের বিষয়েও ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছে গ্রাহক ফোরাম।

এর আগে গত সোমবার (১৫ জুন) ইসলামী ব্যাংকের এক বিশেষ নোটিশে জানায়, চলমান পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়ে যেসব গ্রাহক বিভিন্ন সঞ্চয় ও আমানত হিসাব মেয়াদপূর্তির আগেই (প্রি-ম্যাচিউর) ভেঙেছেন, তাদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে ইসলামী ব্যাংক।

ক্ষতিগ্রস্ত গ্রাহকরা সাত কর্মদিবসের মধ্যে হিসাব পুনরায় চালু করলে প্রি-ম্যাচিউর নগদায়নের কারণে আরোপিত সব ধরনের খরচ ও আর্থিক ক্ষতি মওকুফ করবে ব্যাংকটি।

তার আগের দিন ১৪ জুন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খুরশীদ আলমসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটিতে নতুন করে সমন্বয়কের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন।