১১ মাস ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩৫.৪৪ বিলিয়ন ডলার

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাস ২৯ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৫৪৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার (৩৫ দশমিক ৪৪২ বিলিয়ন)। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১৭ দশমিক ৩ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের ১ জুলাই থেকে ২৯ জুন পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ৩ হাজার ২১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার (৩০ দশমিক ২১৩ বিলিয়ন)।
সেই হিসাবে চলতি অর্থবছরে একই সময়ের মধ্যে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।
তবে মাসভিত্তিক হিসাবে জুনে কিছুটা ধীরগতি দেখা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি জুন মাসের প্রথম ২৯ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৬৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলার (২ দশমিক ৬৮৬ বিলিয়ন)।
গত বছরের একই সময় এ অঙ্ক ছিল ২৭০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার (২ দশমিক ৭০৭ বিলিয়ন)।
ফলে জুন মাসের প্রথম ২৯ দিনের হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রায় ০.৮ শতাংশ কমেছে।






