কর আদায় না বাড়িয়ে পে-স্কেল বাস্তবায়ন হলে ঋণের বোঝা বাড়বে: গভর্নর

কর আদায় না বাড়িয়ে নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হলে ব্যাংকঋণের বোঝা বাড়বে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, ঋণের বোঝা বাড়লে মূল্যস্ফীতিকে আরও উসকে দিতে পারে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে সোমবার (৯ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, রাজনৈতিক অস্থিরতা ও আস্থার অভাবে প্রত্যাশার তুলনায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমেছে। সরকার বাজেটে কাটছাঁট করার পরও ব্যাংক খাত থেকে ঋণের হার বেড়েছে।
তিনি বলেন, ব্যাংকিং খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে কেন্দ্রীয় ব্যাংক অর্ডার সংশোধন প্রয়োজন। আশা করি, নির্বাচনি প্রতিশ্রুতিতে আর্থিক খাত নিয়ে সংস্কারের বিষয়ে দলগুলাে কথা রাখবেন।
ড. আহসান এইচ মনসুর বলেন, আইএমএফের সব শর্ত পূরণ করেছে বাংলাদেশ ব্যাংক। চার বছরে আইএমএফ যে ঋণ দেওয়ার কথা তার থেকে বেশি ডলার রিজার্ভে কেনা হয়েছে।
তিনি বলেন, চলতি অর্থবছরে বাজার থেকে চার বিলিয়ন ডলার কেনা হয়েছে। তবে কোনো ডলার রিজার্ভ থেকে বিক্রি করা হয়নি।
এ সময় দেশের রেমিট্যান্স প্রবাহ ১৮ শতাংশের বেশি জানিয়ে গভর্নর বলেন, চলতি অর্থবছর ৩৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে আসতে পারে।