logo

ন্যাশনাল ব্যাংক থেকে ১৮৮ কোটি টাকা আমানত উত্তোলনের আবেদন, ফেরত দেবে কাল

ন্যাশনাল ব্যাংক থেকে ১৮৮ কোটি টাকা আমানত উত্তোলনের আবেদন, ফেরত দেবে কাল
ন্যাশনাল ব্যাংক। ছবি: ব্যাংকের পেজ থেকে নেওয়া

বেসরকারি ন্যাশনাল ব্যাংকে প্রথম দিনে ১৮৮ কোটি টাকা আমানত উত্তোলনের আবেদন করেছেন গ্রাহকরা। আবেদনকৃত এসব অর্থ ফেরত দেওয়া হবে আগামীকাল বৃহস্পতিবার (১৪ অক্টোবর)।

বুধবার (১৪ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

এর আগে, মঙ্গলবার (১৩ অক্টোবর) গ্রাহকের টাকা ফেরত দিতে বেসরকারি ন্যাশনাল ব্যাংককে সাত হাজার কোটি টাকা ধার দিয়েছে রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নিশ্চয়তা বা গ্যারান্টিতে এই টাকা ধার দিয়েছে সোনালী ব্যাংক।

এই ধারের টাকায় ১৫ অক্টোবর বৃহস্পতিবার থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু করবে ন্যাশনাল ব্যাংক। এরই মধ্যে ব্যাংকটির পক্ষ থেকে সেই ঘোষণা দেওয়া হয়েছে। স্বাভাবিক ব্যাংকিং শুরু হলে গ্রাহকেরা ব্যাংকটি থেকে চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, ন্যাশনাল ব্যাংকের গ্রাহকেরা দীর্ঘদিন ধরে ব্যাংকটি থেকে চাহিদামতো টাকা তুলতে পারছেন না। এ কারণে সম্প্রতি আদালতের শরণাপন্ন হন ব্যাংকটির চার আমানতকারী। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত চার আমানতকারীর টাকা ফেরত দেওয়ার নির্দেশনা দেন। এরপর বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ের নজরে আসে। সরকার ব্যাংকটির লেনদেন স্বাভাবিক করতে উদ্যোগ নিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেয়। এরই পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার ব্যাংকটির চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠক করেন গভর্নর মো. মোস্তাকুর রহমান।

ওই বৈঠকে ১৫ অক্টোবর থেকে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম শুরুর নির্দেশনা দেওয়া হয়। তারপর একই সিদ্ধান্ত নেওয়া হয় ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম শুরুর জন্য সোনালী ব্যাংক থেকে সাত হাজার কোটি টাকা ধার নিয়েছে ন্যাশনাল ব্যাংক।