logo

দেশে স্বর্ণের দাম কমলো

দেশে স্বর্ণের দাম কমলো
ছবি: বাসস

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। সে হিসেবে ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৬৯১ টাকা পর্যন্ত কমানো হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) থেকে নতুন এ দর কার্যকর হয়েছে।

আন্তর্জাতিক বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের দাম কমায় দেশের বাজারে স্বর্ণের বিক্রয় মূল্য কমানো হচ্ছে। নতুন এই মূল্য আজ সকাল ১০টা থেকে কার্যকর করা হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতি গ্রাম ২২ ক্যারেট স্বর্ণের দাম ১৯ হাজার ৬৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৯১ টাকা কমে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এ ছাড়া প্রতি ২১ ক্যারেট স্বর্ণের ভরি এক হাজার ৫৭৪ টাকা কমে ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা করা হয়েছে যা সর্বশেষ ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকায় বিক্রি হতো।

আর ১৮ ক্যারেট স্বর্ণের ভরি এক হাজার ৩৪১ টাকা কমে ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে যা সর্বশেষ ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা ছিল। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ৭৫৮ টাকা কমে ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা করা হয়েছে, যা সর্বশেষ ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

স্বর্ণের দাম কমানো হলেও রূপার দাম পরিবর্তন করা হয়নি। প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। প্রতি গ্রাম ২২ ক্যারেট রুপার দাম ৩৭০ টাকা।

২১ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৪ হাজার ১৪১ টাকা। প্রতি গ্রামের দাম ৩৫৫ টাকা। ১৮ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৩ হাজার ৫৫৮ টাকা। প্রতি গ্রামের দাম ৩০৫ টাকা। সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির দাম ২ হাজার ৬৮৩ টাকা। প্রতি গ্রামের দাম ২৩০ টাকা।

বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রৌপ্যালংকারের বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।

এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে।

পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত এ বিক্রয়মূল্য কার্যকর থাকবে।