logo

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, ভরিতে কত?

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, ভরিতে কত?
ছবি: সংগৃহীত

অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শুক্রবার (১৫ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস আরও জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আজ (শুক্রবার) সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

এর আগে সবশেষ গত ৭ মে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

চলতি বছর দেশের বাজারে এখন পর্যন্ত ৬৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়। এরমধ্যে বাড়ানো হয়েছে ৩৬ দফা এবং কমানো হয়েছে ২৮ দফা।