logo

ব্যক্তিগত গাড়ির মালিকদের জন্য জরুরি নির্দেশনা 

ব্যক্তিগত গাড়ির মালিকদের জন্য জরুরি নির্দেশনা 

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থায় অস্থিরতার প্রভাব বাংলাদেশেও পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আশঙ্কা থেকেই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে একটি জরুরি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাধারণ নাগরিকদের জন্য বেশ কিছু জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। 

বুধবার (৪ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু’র সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তার কারণে দেশে বিদ্যুৎ ও সার উৎপাদন ব্যাহত হতে পারে। তবে পবিত্র রমজানে জনদুর্ভোগ এড়াতে সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। বিশেষ করে জ্বালানি সাশ্রয়ে ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহার এবং সব ধরণের অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করতে বলা হয়েছে। এছাড়া জ্বালানি পাচার রোধে এবং কালোবাজারে ডিজেল-পেট্রল বিক্রি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার বৈশ্বিক এই সংকট মোকাবিলায় জনগণের ধৈর্য ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

সভা সূত্রে জানা গেছে, আমদানি অনিশ্চিত হয়ে পড়ায় অভ্যন্তরীণ চাহিদা মেটাতে জ্বালানি সরবরাহে সাময়িকভাবে কাটছাঁট বা সমন্বয় করা হতে পারে। এতে বিদ্যুৎ উৎপাদনে কিছুটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। অসাধু চক্র যাতে সুযোগ নিতে না পারে, সেজন্য খোলাবাজারে ড্রাম বা বোতলে ডিজেল ও পেট্রল বিক্রি বন্ধ করতে পুলিশ ও জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া জ্বালানি পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং পুলিশ প্রশাসনকে সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে। রমজানে বিদ্যুৎ বিভ্রাট কমাতে অপ্রয়োজনীয় বাতি নেভানো এবং এসি ব্যবহারে পরিমিতিবোধ বজায় রাখার জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

এদিকে,  বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমান মঙ্গলবার (৩ মার্চ) বিপিসির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, বর্তমানে ১৪ দিনের ডিজেল, ২৮ দিনের অকটেন, ১৫ দিনের পেট্রোল, ৯৩ দিনের ফার্নেস এবং ৫৫ দিনের জেট ফুয়েল মজুত রয়েছে। এছাড়া ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন জ্বালানি তেলের মজুত রয়েছে। 

তিনি আরও বলেন, যুদ্ধ পরিস্থিতি নজরে রেখে তেলের বিকল্প বাজার খোঁজার বিষয়ে ভাবা হচ্ছে। বর্তমানে দেশে যে পরিমাণ মজুত রয়েছে, তাতে দাম বাড়ার শঙ্কা নেই। নিরবিচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে সোমবার (২ মার্চ) পর্যন্ত ৭টি জাহাজের এলসি সম্পন্ন হয়েছে বলেও জানান রেজানুর রহমান।