আগস্টের ২২ দিনেও রেমিট্যান্স আসেনি যে ৮ ব্যাংকে

চলতি আগস্ট মাসের প্রথম ২২ দিনে দেশে এসেছে ২১৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। তবে দেশে কার্যরত ৮টি ব্যাংকে আসেনি কোনো রেমিট্যান্স। এর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকও।
রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, আগস্টের প্রথম ২২ দিনে কোনো রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা ৮টি। এর মধ্যে রয়েছে ১টি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, ১টি বিশেষায়িত ব্যাংক, ২টি বেসরকারি ব্যাংক ও ৪টি বিদেশি ব্যাংক।
আগস্টের প্রথম ২২ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল), বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ও বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি।
এ ছাড়া কোনো রেমিট্যান্স আসেনি বিদেশি খাতের ব্যাংক আল ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়াতেও।
প্রতিবেদন অনুযায়ী, চলতি আগস্টের প্রথম ২২ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১৪ কোটি ৮০ লাখ ডলার। এর মধ্যে শুধু ২০ ও ২২ আগস্ট দু’দিনেই ১১৭ মিলিয়ন ডলার এসেছে। যেখানে গত বছরের আগস্টের প্রথম ২২ দিনে দেশে ১৭১ কোটি ১০ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। এই হিসাবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় প্রায় ২৫ দশমিক ৫ শতাংশ।
এর মধ্যে চলতি আগস্টের প্রথম ২২ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে দেশে ৩৫ কোটি ৭৮ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। পাশাপাশি এই সময়ে বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২৬ কোটি ৭৬ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৫১ কোটি ৭৪ লাখ ডলার এবং বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে আরও ৪৪ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।



