ফার্নেস তেলের নতুন মূল্য নির্ধারণ

জুলাই মাসের জন্য ডিজেল ও কেরোসিনের দাম অপরিবর্তিত রেখে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস অয়েলের খুচরা মূল্য প্রতি লিটারে ৪ টাকা ৪৪ পয়সা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
মঙ্গলবার (৩০ জুন) জারি করা বিইআরসির এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ফার্নেস অয়েলের খুচরা মূল্য প্রতি লিটারে ১১৩ টাকা ৫৪ পয়সা থেকে কমিয়ে ১০৯ টাকা ১০ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ প্রতি লিটারে ৪ টাকা ৪৪ পয়সা কমানো হয়েছে। নতুন দর রাত ১২টা (১ জুলাই) থেকে কার্যকর হবে।
এর আগে সর্বশেষ মে মাসে ফার্নেস অয়েলের দাম প্রতি লিটার ৯৪ টাকা ৬৯ পয়সা থেকে ১১৩ টাকা ৫৪ পয়সায় সমন্বয় করা হয়।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো), সরকারি বা বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, শিল্প কারখানা এবং অন্যান্য গ্রাহকদের ফার্নেস অয়েল সরবরাহ করে।






