বাড়ছে ব্যক্তির করমুক্ত আয়সীমা

একজন বক্তির করমুক্ত আয়সীমা ৩ লাখ ৫০ হাজার থেকে বাড়িয়ে চার লাখ টাকা নির্ধারণ করেছে সরকার। সেই সঙ্গে ব্যাংক জমার ক্ষেত্রে পাঁচ লাখ টাকা পর্যন্ত কোনো আবগারি শুল্ক না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে বৈঠকে এই অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে এনবিআরের খসড়া পর্যালোচনায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া ওই বৈঠক শেষ হয়েছে সন্ধ্যা ৬টায়।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে চাল, ডাল, চিনি, খেজুরসহ সব ধরনের নিত্যপণ্যের ওপর থাকা উৎসে কর বাড়ছে না, আগের মতোই দশমিক ৫০ শতাংশ থাকছে। পাশাপাশি চলতি অর্থবছর থেকেই ১ শতাংশ হারে সম্পদ কর ব্যবস্থা চালুর সিদ্ধান্ত হয়। এ ছাড়া অনলাইন গেমিংয়ের ওপর ২৫ শতাংশ উৎসে কর বসানো হচ্ছে।
দামি বৈদ্যুতিক প্রাইভেট কার ছাড়া সব ধরনের বৈদ্যুতিক প্রাইভেট কারের কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিলাসবহুল গাড়ি বা ৩ হাজার ৫০০ সিসির বেশি ব্যক্তিগত গাড়ির অগ্রিম আয়কর দুই লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা নির্ধারণ করা হয়। যদিও ১ হাজার ৫০০ সিসির ক্ষেত্রে তা ২৫ হাজার টাকাই থাকছে।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে লাগবে বিআইএন নম্বর (বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর)। তবে বিআইএন নম্বর পেতে ভ্যাট কর্মকর্তার অনুমোদন লাগবে না, তাৎক্ষণিক এটি পাওয়া যাবে। এ ছাড়া নতুন ট্যাক্স আসতে পারে মোটরবাইক ও ব্যাটারিচালিত অটোরিকশায়। নতুন করে ভ্যাট বসতে পারে কেরু অ্যান্ড কোম্পানির মদে।
বর্তমান সরকার আগামী অর্থবছরে এনবিআরের মাধ্যমে ছয় লাখ কোটি টাকা রাজস্ব আদায় করতে চায়। এ ছাড়া নন-এনবিআর এবং নন-ট্যাক্স মিলিয়ে আরও ৯১ হাজার কোটি টাকার রেভিনিউ আদায়ের লক্ষ্য রয়েছে সরকারের।
