logo

২০ লাখ গ্রাহকের ব্যাংকিং সেবা নিয়ে শঙ্কা, সালিশি মামলায় ন্যাশনাল ব্যাংক

২০ লাখ গ্রাহকের ব্যাংকিং সেবা নিয়ে শঙ্কা, সালিশি মামলায় ন্যাশনাল ব্যাংক
ন্যাশনাল ব্যাংক। ছবি: ব্যাংকের পেজ থেকে নেওয়া

তারল্য সংকট কাটিয়ে ওঠার লড়াইয়ের মধ্যেই নতুন করে সংকটে পড়েছে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক। এবার ব্যাংকটির কোর ব্যাংকিং সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ ও লাইসেন্স ফি পরিশোধ না করায় আন্তর্জাতিক সালিশি কেন্দ্রে মামলা করেছে সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠান। এতে ব্যাংকটির গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সেবা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোর ব্যাংকিং সফটওয়্যারের কার্যক্রম ব্যাহত হলে বিপাকে পড়তে পারেন ব্যাংকটির ২০ লাখের বেশি গ্রাহক। বিশেষ করে টাকা জমা ও উত্তোলন, এটিএম, কার্ড ও অনলাইন ব্যাংকিং সেবা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (এসআইএসি) নথি অনুযায়ী, ন্যাশনাল ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যার ‘টেমেনোস’-এর সরবরাহকারী সিঙ্গাপুরভিত্তিক এফডিএস গ্লোবাল প্রাইভেট লিমিটেড এবং বাংলাদেশের বি জি ইন্টারঅ্যাকটিভ লিমিটেড যৌথভাবে এ সালিশি মামলা করেছে। মামলায় ন্যাশনাল ব্যাংক পিএলসি এবং সুইজারল্যান্ডভিত্তিক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান টেমেনোস হেডকোয়ার্টার্স এসএ-কে বিবাদী করা হয়েছে।

Advertisement

নথিতে বলা হয়েছে, ২০১৯ সালের ডিসেম্বরে করা চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে গত ৩০ অক্টোবর সালিশি নোটিশ দাখিল করা হয়। এ সংক্রান্ত মামলা নম্বর এআরবি ৫১৬/২৬/এমএনএইচ এবং এআরবি ৫১৭/২৬/এমএনএইচ। পরে গত ৫ নভেম্বর এসআইএসি সচিবালয় বিবাদীদের ১৪ দিনের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেয়।

সূত্র জানায়, ২০১৯ সালে সফটওয়্যারটির বার্ষিক রক্ষণাবেক্ষণ, লাইসেন্স ফি ও অন্যান্য সেবার জন্য সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে ন্যাশনাল ব্যাংক। চুক্তি অনুযায়ী এসব সেবার বিপরীতে নিয়মিত অর্থ পরিশোধের কথা থাকলেও ২০২৪ সাল থেকে রক্ষণাবেক্ষণ ফি ও সংশ্লিষ্ট পাওনা পরিশোধ করা হচ্ছে না। সরবরাহকারী প্রতিষ্ঠান একাধিকবার তাগাদা দিলেও ব্যাংকের পর্ষদ ও শীর্ষ ব্যবস্থাপনা এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেয়নি বলে অভিযোগ রয়েছে।

খাত-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, একটি ব্যাংকের প্রায় সব ধরনের দৈনন্দিন কার্যক্রম পরিচালিত হয় কোর ব্যাংকিং সফটওয়্যারের মাধ্যমে। গ্রাহকের হিসাব সংরক্ষণ, টাকা জমা ও উত্তোলন, এক শাখা থেকে অন্য শাখায় লেনদেন, এটিএম বুথ, ডেবিট ও ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং এবং আন্তঃব্যাংক অর্থ স্থানান্তর-সব ক্ষেত্রেই এ সফটওয়্যার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ফলে সফটওয়্যারের সেবা বন্ধ বা সীমিত হয়ে গেলে শুধু একটি শাখা নয়, পুরো ব্যাংকের লেনদেনব্যবস্থায় জটিলতা তৈরি হতে পারে। বিশেষ করে ডিজিটাল ব্যাংকিং সেবা, গ্রাহকের হিসাব ব্যবস্থাপনা এবং অর্থ স্থানান্তরের কার্যক্রম ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে। এমন পরিস্থিতিতে আগে থেকেই তারল্য সংকটে থাকা ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের ভোগান্তি আরও বাড়তে পারে।

ব্যাংকটির গ্রাহকদের মধ্যেও নতুন এ খবর উদ্বেগ তৈরি করেছে। তাদের আশঙ্কা, তারল্য সংকটের কারণে এমনিতেই প্রয়োজনের সময় টাকা উত্তোলন নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এর মধ্যে কোর ব্যাংকিং সফটওয়্যার নিয়ে জটিলতা তৈরি হলে ব্যাংকিং সেবা পাওয়াও কঠিন হয়ে পড়তে পারে।

ন্যাশনাল ব্যাংকের এক ক্ষুদ্র ব্যবসায়ী আমানতকারী মো. রফিকুল ইসলাম বলেন, জীবনের জমানো টাকা ন্যাশনাল ব্যাংকে রেখেছি। এখন শুনছি, সফটওয়্যার বন্ধ হয়ে গেলে টাকা তোলার সমস্যা হতে পারে। ব্যাংক এমনিতেই সংকটে রয়েছে। নতুন করে এ ধরনের খবর শুনে দুশ্চিন্তায় আছি।

গৃহিণী সালমা আক্তার বলেন, সংসারের জরুরি প্রয়োজন ও সন্তানদের পড়াশোনার খরচের জন্য ব্যাংকে টাকা জমা রেখেছি। প্রয়োজনের সময় সেই টাকা তুলতে পারব কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ব্যাংকের এমন পরিস্থিতিতে সাধারণ আমানতকারীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

বেসরকারি চাকরিজীবী কামরুল হাসান বলেন, বর্তমানে ব্যাংকের প্রায় সব লেনদেন ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে হয়। কোর ব্যাংকিং সফটওয়্যারে সমস্যা হলে গ্রাহকদের স্বাভাবিক লেনদেন ব্যাহত হবে। কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা পাওয়ার পরও যদি ব্যাংকের এ ধরনের সমস্যা থাকে, তাহলে আমানতকারীদের আস্থা ধরে রাখা কঠিন।

সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হয়। তবে ব্যাংকটির আর্থিক সংকট পুরোপুরি কাটেনি। আমানতকারীদের পাওনা অর্থ ফেরত দেওয়ার উদ্যোগের অংশ হিসেবে হাইকোর্টের রায়ের ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংকের মাধ্যমে ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা দেওয়ার উদ্যোগ নেয়।

তবে এত বড় অঙ্কের তারল্য সহায়তার উদ্যোগের পরও ব্যাংকটির অপরিহার্য সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ ফি বকেয়া থাকার বিষয়টি নতুন প্রশ্ন তৈরি করেছে। ব্যাংকের দৈনন্দিন কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় প্রযুক্তিগত সেবার বিল কেন দীর্ঘদিন পরিশোধ করা হয়নি, তা নিয়েও উদ্বেগ রয়েছে।

সব মিলিয়ে তারল্য সংকটের পাশাপাশি সফটওয়্যার সরবরাহকারীর সঙ্গে চুক্তিগত বিরোধ ন্যাশনাল ব্যাংকের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখন সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধের নিষ্পত্তি এবং কোর ব্যাংকিং সেবার ধারাবাহিকতা বজায় রাখাই ব্যাংকটির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অন্যথায় এর প্রভাব পড়তে পারে ব্যাংকটির লাখ লাখ গ্রাহকের দৈনন্দিন আর্থিক লেনদেনে।