logo
Advertisement

২৬ হাজার কোটি টাকা মুনাফা বাংলাদেশ ব্যাংকের, ৬ গুণ বোনাস কর্মকর্তাদের

এশিয়া পোস্ট নিউজ
২৬ হাজার কোটি টাকা মুনাফা বাংলাদেশ ব্যাংকের, ৬ গুণ বোনাস কর্মকর্তাদের
বাংলাদেশ ব্যাংকের লোগো। ছবি: সামাজিক মাধ্যম থেকে

বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়ে প্রায় ২৬ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মূল বেতনের ছয় গুণ প্রণোদনা বোনাস দেওয়ার অনুমোদন দিয়েছে পরিচালনা পর্ষদ।

Advertisement

রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক হিসাব বিবরণী অনুমোদন করা হয়। সভায় কর্মকর্তাদের ছয় গুণ বোনাস দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, গত অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের নিট মুনাফা হয়েছে ২৫ হাজার ৯৭৭ কোটি টাকা। আগের অর্থবছরে এই মুনাফা ছিল ২২ হাজার ৬২০ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে মুনাফা বেড়েছে ৩ হাজার ৩৫৭ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের আয় থেকে পুরো মুনাফাই সরকারকে দেওয়া হয়। এরই মধ্যে সরকারকে ১০ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। বাকি ১৫ হাজার ৯৭৭ কোটি টাকা শিগগিরই সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা রয়েছে।

রোববার কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে গভর্নর মো. মোস্তাকুর রহমানের সভাপতিত্বে পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্য পরিচালকও উপস্থিত ছিলেন।

সভায় অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারী মূল বেতনের ছয় গুণ হারে প্রণোদনা বোনাস পাবেন। আগের অর্থবছরেও একই হারে বোনাস দেওয়া হয়েছিল।

অর্থনীতিতে ধীরগতি থাকলেও গত অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা কার্যক্রম সক্রিয় ছিল। রাজস্ব আদায় কম হওয়ায় সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে তুলনামূলক বেশি ঋণ নিয়েছে। একই সময়ে বাণিজ্যিক ব্যাংকগুলোও বাংলাদেশ ব্যাংক থেকে আগের চেয়ে বেশি অর্থ ধার করেছে।

ফলে ঋণ থেকে বাংলাদেশ ব্যাংকের সুদ আয় বেড়েছে। পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটি অংশ বিভিন্ন দেশে বিনিয়োগ করা থাকায় সেখান থেকেও ভালো আয় হয়েছে। এসব কারণে কেন্দ্রীয় ব্যাংকের নিট মুনাফা বেড়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ব্যাংকারদের মতে, অর্থনীতি চাঙা থাকলে কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা তুলনামূলক কম হয়। বিপরীতে অর্থনীতিতে মন্দাভাব বা ধীরগতি থাকলে কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা বাড়তে পারে। অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকের ক্ষেত্রেও এমন প্রবণতা দেখা যায়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের নিট মুনাফা ছিল ১৫ হাজার ৩০০ কোটি টাকা। এরপর ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে ২২ হাজার ৬২০ কোটি টাকা হয়। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে মুনাফা আরও বেড়ে ২৫ হাজার ৯৭৭ কোটি টাকায় পৌঁছেছে।