যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সই, শুল্ক কমলো ১ শতাংশ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির ফলে বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্কহার ১ শতাংশ কমানো হয়েছে। এর ফলে বাংলাদেশি পণ্যের ওপর শুল্কহার ২০ শতাংশ থেকে কমে ১৯ শতাংশ হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) চুক্তিটি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং যুক্তরাষ্ট্রের পক্ষে জেমিসন গ্রিয়ার চুক্তিতে স্বাক্ষর করেন।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ২ এপ্রিল বিশ্বের ১০০টি দেশের ওপর বিভিন্ন হারে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। তখন বাংলাদেশের জন্য শুল্কহার নির্ধারণ করা হয় ৩৭ শতাংশ। পরে শুল্ক আরোপ তিন মাসের জন্য স্থগিত করে যুক্তরাষ্ট্র।
তিন মাস পর, ২০২৫ সালের ৭ জুলাই বাংলাদেশের ক্ষেত্রে শুল্কহার ৩৭ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশে নামানোর ঘোষণা দেন ট্রাম্প। দর-কষাকষির পর গত বছরের ২ আগস্ট তা আরও কমিয়ে ২০ শতাংশে নির্ধারণ করা হয়, যা কার্যকর হয় ৭ আগস্ট থেকে।
এর আগে থেকেই বাংলাদেশি পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক কার্যকর ছিল। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানিতে মোট শুল্কহার দাঁড়ায় ৩৫ শতাংশে।