logo

৩০ ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর

৩০ ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর
বাংলাদেশ ব্যাংক। ছবি: বাসস থেকে নেওয়া

প্রযুক্তিগত সক্ষমতা ও নিরাপত্তা বাড়াতে সিস্টেম উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছে দেশের ৩০টি ব্যাংক। এ কারণে নির্দিষ্ট সময়ের জন্য এসব ব্যাংকের কার্ড, এটিএম, পিওএস, কিউআরসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা দেওয়া হয়। তবে টানা দুই দিন বন্ধ থাকার পর ৩০টি ব্যাংকে কিউ-ক্যাশের সব সেবা পুনরায় পুরোদমে শুরু হয়েছে।

পরিচালনকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি) এবং সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকগুলো এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।

গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে সংস্থাটির অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কিউ-ক্যাশের আওতাধীন সব সেবা এখন স্বাভাবিকভাবে কার্যকর রয়েছে। সেবা চালু থাকায় গ্রাহকরা আবার আগের মতো লেনদেন করতে পারবেন।’

মঙ্গলবার রাত সাড়ে ১২টায় এক খুদে বার্তায় ব্যাংক এশিয়া থেকে জানানো হয়, ‘আমাদের এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স এবং কিউআর সেবাগুলো এখন পুরোপুরি সচল রয়েছে। আপনারা যথারীতি আপনাদের লেনদেন পুনরায় শুরু করতে পারেন।’

এর আগে রোববার (৪ অক্টোবর) রাত ৯টার পর কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম স্থানান্তরের (মাইগ্রেশন) কাজের জন্য দেশের প্রায় ৩০টি ব্যাংকের কার্ড ও বিভিন্ন লেনদেন সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়। ফলে এটিএম, পিওএস মেশিন ও কার্ডভিত্তিক লেনদেনসহ ব্যাংকগুলোর মধ্যকার কিছু সেবা বিঘ্নিত হয়। সে সময় ব্যাংকগুলোর পক্ষ থেকে এসএমএসের মাধ্যমে গ্রাহকদের জানানো হয়েছিল যে ১০ অক্টোবর দুপুর ১২টার পরেই শুধু এসব সেবা পুনরায় চালু হবে।

পরবর্তী সময়ে কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর পক্ষ থেকে স্থগিত থাকা সেবাগুলো দ্রুত সচল করার জোর তাগিদ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে কিউ-ক্যাশের ব্যবস্থাপনা পরিচালককে তলব করা হয়েছিল।

এ ক্ষেত্রে গ্রাহকদের স্বার্থ ও আর্থিক লেনদেনের ধারাবাহিকতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (৬ অক্টোবর) মঙ্গলবার রাত ৯টায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাত ৯টা থেকে আইটি কনসালট্যান্টস পিএলসি পরিচালিত কিউ-ক্যাশ নেটওয়ার্কে রক্ষণাবেক্ষণ কাজের জন্য কয়েকটি ব্যাংকের লেনদেন সেবা ব্যাহত হওয়ায় গ্রাহকরা ভোগান্তির শিকার হন।

গ্রাহকদের লেনদেনের স্বাভাবিকতা বজায় রাখতে ও স্বার্থ সংরক্ষণে ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। কিউ-ক্যাশের ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে কার্ডভিত্তিক সেবাগুলো দ্রুত পুনরায় সচল করার আদেশ দেওয়া হয়েছে।

এই নির্দেশনা দেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মাথায় কিউ ক্যাশের সব সেবা ফের পুরোপুরি চালু হয়ে যায়।