logo
Advertisement

প্রধানমন্ত্রীর ঘোষণার পর গ্যাস সরবরাহ বাড়ল

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
প্রধানমন্ত্রীর ঘোষণার পর গ্যাস সরবরাহ বাড়ল
গ্যাস ফিল্ড। ছবি : বাংলা ভিশন অনলাইন থেকে নেওয়া

প্রায় দেড় মাস তীব্র সংকটের পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬১০ মিলিয়ন ঘনফুটে।

এর আগে গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার পর আজ জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহ।

সোমবার দেশের শীর্ষস্থানীয় ২১টি ব্যবসায়ী সংগঠনের নেতারা ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে, আজ মঙ্গলবার রাত থেকে দেশের কলকারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুৎ মিলবে।

জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ায় শিল্প ও আবাসিক খাতে গ্যাসের সরবরাহ ও চাপ কিছুটা বেড়েছে। তবে বিদ্যুৎ, সিএনজি ও সার কারখানায় প্রয়োজনের তুলনায় ঘাটতি থাকায় এসব খাতে সংকট এখনই পুরোপুরি কাটছে না।

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) বলছে, সেপ্টেম্বরে ১০টি এলএনজি কার্গো আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে একাধিকবার দরপত্র দিলেও সবগুলো পাওয়া যায়নি। এ ছাড়া দাম অনেক বেড়ে যাওয়ায় সব মিলিয়ে ৯টি এলএনজি কার্গো আমদানি নিশ্চিত হয়েছে।

এর মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের দুটি, স্বল্পমেয়াদি চুক্তির আওতায় সৌদি আরবের আরামকোর দুটি এবং খোলাবাজার থেকে কেনা হয়েছে পাঁচটি।