আজ ব্যাংক খোলা, চলবে স্বাভাবিক লেনদেন

হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের ব্যাংক ও পুঁজিবাজার। এ উপলক্ষে আজ শনিবার (১৭ অক্টোবর) সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকছে এবং সাধারণ কর্মদিবসের মতোই লেনদেন চলবে।
বাংলাদেশ ব্যাংকের দেওয়া প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিন দিন ছুটি থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। এই ছুটির সমন্বয়ে সাপ্তাহিক ছুটির দিন আজ শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন সাধারণ কর্মদিবসের মতো ব্যাংকিং কার্যক্রম চলবে।
একই সময়ে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ থাকবে। ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে শেয়ারবাজারের লেনদেন সম্পৃক্ত থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, পূজার ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে বন্দর ও কাস্টমস এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথগুলোতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
এ জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন এবং বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
অন্যদিকে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সব কাস্টমস হাউস ও স্টেশনে কার্যক্রম চালু রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআরের কাস্টমস নীতি শাখা থেকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রকাশিত নির্দেশনায় এ বিষয়ে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটির দিনগুলোতে সীমিত আকারে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এর আগে গত ৭ অক্টোবর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়।
