‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া
• বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে ‘আমার পে’র মাধ্যমে ‘সিম পেয়ছা’র হুন্ডির প্রমাণ মিলেছে
• ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা আসেনি, সরকারের প্রাক্কলিত রাজস্ব ক্ষতি ২২ কোটি ২৬ লাখ টাকার বেশি

পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) ‘আমার পে’র মাধ্যমে হুন্ডি ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের সরেজমিন পরিদর্শন প্রতিবেদন অনুযায়ী, এর ফলে ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হয়েছে দেশ। আর ২২ কোটি ২৬ লাখ টাকার বেশি প্রাক্কলিত রাজস্ব হারিয়েছে সরকার।
‘আমার পে’র সিংহভাগ শেয়ারের মালিক ফিনটেক প্রতিষ্ঠান ‘সিম পেয়ছা হোল্ডিংস প্রাইভেট লিমিটেড’। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইয়াসির পাশা একজন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। পাকিস্তানেও তার ব্যবসা আছে।
বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদন বলছে, ‘আমার পে’ তথা ‘সফট টেক ইনোভেশন লিমিটেড’কে ঢাল হিসেবে ব্যবহার করে হুন্ডি ও অর্থ পাচার করেছে ‘সিম পেয়ছা’। বিদেশ থেকে আসা রেমিট্যান্স এবং রেমিট্যান্সের সরকারি প্রণোদনাতেও জালিয়াতি করেছে প্রতিষ্ঠানটি।
‘আমার পে’র সন্দেহজনক লেনদেন নিয়ে গত ৯ জুলাই একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে এশিয়া পোস্ট। শিরোনাম ছিল, ‘আমার পে’ কিনে সন্দেহজনক লেনদেন পাকিস্তানি প্রতিষ্ঠানের। এরপর গত ১৫ ও ১৬ জুলাই প্রতিষ্ঠানটিতে সরেজমিন পরিদর্শনে যায় বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্টের একটি দল। তিন সদস্যের এই দলের নেতৃত্বে ছিলেন যুগ্মপরিচালক মিঞা হাম্মাদ আলী ফিরোজ। বাকি দুজন যুগ্ম পরিচালক সৌভিক সরকার এবং উপপরিচালক (আইসিটি) কাজী রাশেদুল ইসলাম। ২৭ অক্টোবর পরিদর্শন প্রতিবেদনটি ‘আমার পে’র কাছে পাঠায় বাংলাদেশ ব্যাংক।
এতে প্রতিষ্ঠানটির নানা অনিয়মের বিবরণ তুলে ধরা হয়। এর মধ্যে আছে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া ট্রাস্ট অ্যান্ড সেটেলমেন্ট হিসাব (টিএসএ) খোলা ও চালানো। ‘আমার পে’র মাধ্যমে যেসব প্রতিষ্ঠান অর্থ নেয়, তাদের বলা হয় মার্চেন্ট। তাদের অর্থ রাখার জন্য ব্যাংকে খোলা এই বিশেষ হিসাবের স্থিতির চেয়ে মার্চেন্টদের দায় বেশি। এ ছাড়া মার্চেন্টদের অর্থ নিজেদের হিসাবে লেনদেন এবং মেঘনা ব্যাংকের হিসাব দিয়ে বেআইনি রেমিট্যান্স বিতরণ ও প্রণোদনা জালিয়াতির প্রমাণ পেয়েছে পরিদর্শন দল। প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাত স্পষ্ট।
মেঘনা ব্যাংকে গোপন হিসাব
পরিদর্শনে ‘আমার পে’র নয়টি টিএসএ হিসাবের খোঁজ মেলে। এর মধ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের হিসাবটির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমতি নেওয়া হয়নি। সক্রিয় ও নিষ্ক্রিয় মার্চেন্টদের কাছে প্রতিষ্ঠানের দায় যথাক্রমে ২ কোটি ৭০ লাখ ৪ হাজার ৫১৫ টাকা এবং ৯১ লাখ ৮৩ হাজার ২৫৪ টাকা। তবে ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত ১২৯ দিন টিএসএ হিসাবের স্থিতির চেয়ে মার্চেন্টদের দায় বেশি ছিল।
বাংলাদেশ ব্যাংকে দেওয়া তথ্যের সঙ্গে প্রতিষ্ঠানটির নিজস্ব সিস্টেমের তথ্যেও বড় গরমিল পাওয়া গেছে। প্রতিবেদনে এসব ঘটনাকে ট্রাস্ট ফান্ড ব্যবস্থাপনাসংক্রান্ত নির্দেশনার লঙ্ঘন বলা হয়েছে। ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’-এর ৩৭ (৩) ধারা অনুযায়ী এটি দণ্ডনীয় অপরাধ বলেও উল্লেখ করা হয়েছে।
‘সিম পেয়ছা’, ‘আমার পে’ ও ‘সিম পেয়ছা’র আরেক প্রতিষ্ঠান ‘সিম পয়সা বিডি লিমিটেড’ তিনটি তপশিলি ব্যাংকের মাধ্যমে মার্চেন্টদের অর্থ নিজেদের বিভিন্ন হিসাবে সরিয়েছে। বিদেশি মার্চেন্টদের পাওনা বৈধ পথে (আউটওয়ার্ড রেমিট্যান্স, অর্থাৎ দেশ থেকে বিদেশে অর্থ পাঠানোর নিয়মে) বিদেশে পাঠায়নি ‘আমার পে’। বরং সেই অর্থ সিটি ব্যাংকের টিএসএ হিসাব থেকে ‘সিম পয়সা বিডি’র ব্যাংক এশিয়ার হিসাবে যায়। সেখান থেকে যায় ‘আমার পে’র মেঘনা ব্যাংকের গোপন অপারেশনাল হিসাবে। এভাবে ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের ১৫ জুলাই পর্যন্ত ৫২ কোটি ১৯ লাখ ৭০ হাজার ৯৬৪ টাকা সরানো হয়েছে। বিদেশি মার্চেন্টদের পাওনা না মিটিয়ে নিজেদের হিসাবে এই অর্থ সরিয়েছে ‘সিম পেয়ছা’, ‘সিম পয়সা বিডি’ ও ‘আমার পে’।
মেঘনা ব্যাংকের ওই হিসাব ব্যবহার করে ‘সিম পেয়ছা’র বেআইনি রেমিট্যান্স ও প্রণোদনা বিতরণের প্রমাণ পেয়েছে পরিদর্শন দল। প্রতিবেদন অনুযায়ী, এক্সচেঞ্জ হাউজের ছদ্মবেশে ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বিভিন্ন ব্যক্তির হিসাবে টাকা দেওয়া হয়েছে। রেমিট্যান্স বাবদ গেছে প্রায় ৩৮ কোটি ৫৪ লাখ ৮৪ হাজার ৫১২ টাকা। প্রণোদনা বাবদ গেছে ৮৮ লাখ ৭৫ হাজার ১৩৮ টাকা।
বিদেশ থেকে বাংলাদেশমুখী রেমিট্যান্স বিদেশেই সংগ্রহ করত ‘সিম পেয়ছা’। সেই অর্থ দিয়ে তারা বিদেশি মার্চেন্টদের পাওনা মেটাত। অর্থাৎ রেমিট্যান্সের বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আসার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
প্রণোদনার ক্ষেত্রেও একই চিত্র। ‘সিম পেয়ছা’র তালিকা অনুযায়ী মেঘনা ব্যাংকের হিসাব থেকে রেমিট্যান্স গ্রহীতাদের প্রণোদনা দিত ‘আমার পে’। অথচ প্রকৃতপক্ষে কোনো বৈদেশিক মুদ্রা দেশে আসেনি। প্রতিবেদনে বিষয়টিকে ‘সমান্তরাল ব্যাংকিং’-এর মাধ্যমে হুন্ডি এবং অবৈধ রেমিট্যান্স ও প্রণোদনা জালিয়াতি বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এসব কাজে সরাসরি জড়িত ছিলেন সানজানা ফরিদ ও ফারুক মোহাম্মদ কায়সার। সানজানা ফরিদ ‘আমার পে’র সিইও, ‘সিম পেয়ছা’র মনোনীত পরিচালক এবং ‘সিম পয়সা বিডি’র কান্ট্রি ডিরেক্টর। ফারুক মোহাম্মদ কায়সার ‘সিম পেয়ছা’র ডেপুটি কান্ট্রি ডিরেক্টর। ‘আমার পে’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইশতিয়াক সারওয়ার বিষয়টি জানলেও কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেননি।
‘সিম পেয়ছা’র হুন্ডির কারণে ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ। বিদেশি মার্চেন্টদের পাওনা বৈধ পথে পাঠালে যে কর ও ভ্যাট দিতে হতো, তা-ও দেওয়া হয়নি। ফলে প্রাক্কলিত হিসাবে ২২ কোটি ২৬ লাখ টাকার বেশি রাজস্ব হারিয়েছে সরকার।
স্বার্থের সংঘাত ও ভুয়া ঋণচুক্তি
‘সিম পেয়ছা’র প্রধান নির্বাহী পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ইয়াসির পাশা। তিনি যুক্তরাজ্যে নিবন্ধিত ‘কমার্স প্লেক্স লিমিটেড (যুক্তরাজ্য)’ নামের প্রতিষ্ঠানের মালিক। উত্তর আমেরিকায় কার্যক্রম চালাতে খোলেন ‘সিম পেয়ছা সিএ’। পরে কানাডায় ‘কমার্স প্লেক্স’কে ‘ফরেন মানি সার্ভিস বিজনেস (এফএমএসবি)’ হিসেবে নিবন্ধন করে রেমিট্যান্সের ব্যবসা শুরু করেন। তবে মানিলন্ডারিংয়ের অভিযোগে ২০২৬ সালের মার্চে কানাডার ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট প্রতিষ্ঠানটির নিবন্ধন স্থগিত করে।
সেই ইয়াসির পাশা ২০২৪ সালে বাংলাদেশে ‘সিম পয়সা বিডি লিমিটেড’ এবং ‘ট্যাপম্যাড বাংলাদেশ লিমিটেড’ নামে আরও দুটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। ট্যাপম্যাড ওটিটি বা ‘ওভার দ্য টপ’ সেবা দেয়। দুই প্রতিষ্ঠানই চলছে সানজানা ফরিদের ব্যবস্থাপনায়। তিনি ‘সিম পয়সা বিডি’র কান্ট্রি ডিরেক্টর এবং ট্যাপম্যাডের ব্যবস্থাপনা পরিচালক। ‘সিম পেয়ছা’র মনোনীত পরিচালক সানজানা ফরিদ আবার ‘আমার পে’র সিইও। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এটিকে স্বার্থের সংঘাত এবং ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’-এর ৭ (৩) ধারার লঙ্ঘন বলা হয়েছে। ওই ধারা অনুযায়ী একটি প্রতিষ্ঠানে একজনই ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী বলে গণ্য হবেন। অথচ ‘আমার পে’তে এমডি ইশতিয়াক সারওয়ার, আবার সিইও সানজানা ফরিদ।
ভুয়া ঋণচুক্তির আড়ালেও টাকা ঘোরানো হয়েছে। ‘সিম পয়সা বিডি’ ও ‘ট্যাপম্যাড’-এর মধ্যে ১ কোটি ৮৩ লাখ ৯৮ হাজার ৯১৯ টাকার লেনদেন হয়। ‘সিম পয়সা বিডি’ আবার ‘আমার পে’তে নিবন্ধিত মার্চেন্ট। পরিদর্শন প্রতিবেদন বলছে, ‘সিম পয়সা বিডি’র হিসাবে অর্থ এনে তা ‘আমার পে’র মেঘনা ব্যাংকের হিসাবে সরানো হতো। এরপর সেই টাকা ‘সিম পেয়ছা’র ছদ্মবেশে হুন্ডি রেমিট্যান্স ও প্রণোদনা হিসেবে বিতরণ করা হতো। ভুয়া চুক্তির মূল উদ্দেশ্য ছিল এটি।
এসব অনিয়মের পাশাপাশি কেওয়াইসি (গ্রাহকের পরিচয় যাচাই) ছাড়াই বেআইনিভাবে মার্চেন্ট নিবন্ধন, মার্চেন্টদের সন্দেহজনক লেনদেন এবং ‘আমার পে’র প্রযুক্তি ও তথ্যনিরাপত্তায় ঘাটতি পাওয়া গেছে।
প্রতিবেদনে মোট পাঁচটি পরামর্শ দেওয়া হয়েছে। একটিতে ‘কমার্স প্লেক্স’, ‘ট্যাপম্যাড’ ও ‘সিম পয়সা বিডি’র সব লেনদেন ও সেটেলমেন্ট সেবা অবিলম্বে স্থগিত করতে বলা হয়েছে। ‘সিম পেয়ছা’ এই তিন প্রতিষ্ঠানকে ব্যবহার করে ‘আমার পে’র মাধ্যমে অর্থ পাচার করেছে বলে সুনির্দিষ্ট প্রমাণ আছে। পরিদর্শনে পাওয়া অনিয়মের বিষয়ে প্রমাণসহ পদক্ষেপ জানাতে ‘আমার পে’কে ২৯ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এশিয়া পোস্টকে বলেন, ‘সিঙ্গাপুরে নিবন্ধিত পাকিস্তানভিত্তিক প্রতিষ্ঠান সিম পেয়ছা তাদের যুক্তরাজ্যের নিবন্ধিত প্রতিষ্ঠান কমার্স প্লেক্স ইউকের মাধ্যমে এবং বাংলাদেশে তাদের আইটি প্রতিষ্ঠান সিম পয়সা বিডি এবং আমার পে’র মাধ্যমে হুন্ডি ব্যবসা পরিচালনা করত। এর সঙ্গে ওটিটি প্রতিষ্ঠান ‘ট্যাপম্যাড’ও জড়িত। বিষয়টি পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্টের পরিদর্শনে ধরা পড়ে। বর্তমানে ‘আমার পে’ এর সিইও জোনাদ সানজানা ফরিদ এবং এমডি ইশতিয়াক সারওয়ারকে অপসারণের জন্য এবং প্রতিষ্ঠানটির লাইসেন্স স্থগিত বা প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়েছে। পেমেন্ট সিস্টেমস বিভাগ-১ এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি, মেঘনা ব্যাংকের হিসাব ব্যবহার করে রেমিট্যান্সের আড়ালে হুন্ডি কার্যক্রম পরিচালনার অভিযোগে ব্যাংকটিকেও কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। পরিশোধ ব্যবস্থার সুরক্ষায় পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট সদা নিয়োজিত এবং অপরাধমূলক কার্যক্রম রোধে সদা সচেষ্ট।’
সামগ্রিক বিষয়ে আমার পে’র সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
