logo

দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে

দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে

দেশের রেমিট্যান্স প্রবাহের ক্ষেত্রে গত বছরের একই সময়ের তুলনায় ৪৫ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। জানুয়ারি মাসে রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৩ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে একক মাস হিসেবে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে ২ দশমিক ১৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল।

রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে বাংলাদেশ ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছিল, যা ছিল দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ। এ ছাড়া ২০২৫ সালের ডিসেম্বরে ৩ দশমিক ২৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল, যা ছিল দ্বিতীয় সর্বোচ্চ।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা মোট ১৯ দশমিক ৪৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৫ দশমিক ৯৬ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাসসকে জানান, বৈদেশিক মুদ্রার সংকট মোকাবিলা এবং রিজার্ভ বাড়াতে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি বলেন, এসব পদক্ষেপ প্রবাসীদের আয় বা দেশে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলেছে।