হামদর্দ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন, সনদ পেলেন ১৭৫৪ গ্র্যাজুয়েট

হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অত্যন্ত জাঁকজমক ও মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তন অনুষ্ঠানে ১৭৫৪ গ্র্যাজুয়েটকে স্নাতক ও স্নাতকোত্তর সনদ তুলে দেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। একইসঙ্গে স্বর্ণপদক ও সম্মাননা প্রদান করা হয় কৃতী শিক্ষার্থীদের।
শনিবার (৩১ জানুয়ারি) মুন্সিগঞ্জের গজারিয়ায় বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের পক্ষে বক্তব্য দেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ডা. এ. কে. আজাদ খান, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. মনজারুল আলম।